আবারও ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের শরণাপন্ন হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক সময় বাংলাদেশ জাতীয় দলকে কোচিং করানো এই কোচ এবার বয়সভিত্তিক দলের দায়িত্ব নিচ্ছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দিচ্ছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৭ দলের কোচ হয়ে ক্রুইফ এবার আসছেন। দুই মাস কোচিং করাবেন তিনি। এরপর প্রয়োজন হলে তার মেয়াদ বাড়ানো হবে।’
আগামী ৮ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব। এ প্রতিযোগিতায় সিরিয়া, ভুটান, ম্যাকাও ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের গ্রুপে রয়েছে বাংলাদেশ। মূলত এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখেই ফিরিয়ে আনা হচ্ছে ডি ক্রুইফকে। আগামী ২৪ সেপ্টেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে। এরপর যশোরের শামসুল হুদা একাডেমিতে দলের সঙ্গে যোগ দেবেন ক্রুইফ।
এর আগে ২০১৩-১৬ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন ক্রুইফ। তার অধীনে বাংলাদেশ ১৬টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছিল। বাংলাদেশ থেকে চাকরি হারানোর পর অ্যামেচার ক্লাবে কাজ করেছেন এই ডাচ কোচ। অতীতে তার জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা বয়সভিত্তিক দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত জুনে বয়সভিত্তিক দলের জন্য ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে দুবছরের জন্য নিয়োগ দিয়েছিল বাফুফে। কিন্তু বিতর্কিত কর্মকাণ্ড ও দলের বাজে পারফরম্যান্সের জন্য দায়িত্ব নেওয়ার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন এই কোচ। যে কারণে নতুন কোচ খুঁজতে হয়েছে বাফুফেকে। আর এ পদে ডি ক্রুইফ বাফুফের এখন সেরা পছন্দ।