সামনে বিশ্বকাপ। সময় এখন দল গোছানোর আর শেষ সময়ের প্রস্তুতি নেওয়ার। আরেকটি কাজ চলছে, সেটা বিশ্বকাপের জন্য দল ঘোষণা। দায়িত্বটা কোচরা একে একে করে চলেছেন। আর এ দল ঘোষণায় চমক থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ইংল্যান্ড কোচ টমাস টুখেল বোধ হয় একটু বেশি পরিমাণে চমক দিয়ে ফেলেছেন। আজ ফুটবল মহাযজ্ঞের জন্য ঘোষিত দলে রাখেননি বেশ কয়েকজন তারকা ফুটবলারকে। তাদের মধ্যে অন্যতম মিডফিল্ডার ফিল ফোডেন এবং উইঙ্গার কোল পালমার।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার তালিকায় রয়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আর হ্যারি ম্যাগুয়ারও। তবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওলি ওয়াটকিনস আর ইভান টনি। বুধবার রাতে ওয়াটকিনস জিতে নিয়েছেন ইউরোপা লিগ শিরোপা। আর সৌদি প্রো লিগে খেলে টনি চলতি মৌসুমে ৩২ ম্যাচে উপহার দিয়েছেন ৩২ গোল।
বিশ্বকাপ খেলতে যাচ্ছেন না মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট ও ডমিনিক কালভার্ট-লুইনও। যদিও এ দুজন প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ইংলিশ ফুটবলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার। অ্যাডাম ওয়ার্টনের বদলি হিসেবে অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে দলে নিয়েছেন টুখেল।
ক্লাব মৌসুমটা মোটেই ভালো যায়নি ফোডেন ও পালমারের। এজন্যই বিশ্বকাপ মিশনে তাদের ওপর আস্থা রাখতে পারেননি টুখেল। সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ বলেন, তারকা ফুটবলারদের বিশ্বকাপ দলে না রাখার খবর জানানোটা তার জন্য অনেক কঠিন ছিল, ‘ফোন কলের সময়ও আমি তাদের আবেগ অনুভব করতে পারছিলাম। তাই আমি সেসব খেলোয়াড়কে ফোন করেছিলাম, যারা অন্তত একবার হলেও আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। আমি তাদের ফোন করেছিলাম, কারণ আমি অন্তত তাদের কাজের জন্য কৃতজ্ঞতা এবং সম্মান জানাতে চেয়েছিলাম।
ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন ডালাসে। ২৩ জুন ঘানা ও ২৭ জুন পানামার মুখোমুখি হবে ইংলিশরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড।
ডিফেন্ডার : রিস জেমস, টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন, মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও’রাইলি, এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, জেদ স্পেন্স।
মিডফিল্ডার : ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনো, মরগান রজার্স, এবেরেচি এজি।
ফরোয়ার্ড : হ্যারি কেইন, ইভান টোনি, অলি ওয়াটকিনস, বুকায়ো সাকা, নোনি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন।