চাকরি ছেড়েছেন হ্যাভিয়ের মাসচেরানো। তাই তো ইন্টার মিয়ামিতে এসেছেন নতুন কোচ। নতুন গুরু গুইলার্মো হোয়োসের অভিষেক ম্যাচও জয়ে রঙিন করলেন অধিনায়ক লিওনেল মেসি। দ্যুতি ছড়িয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আর্জেন্টাইন ফুটবল জাদুকর উপহার দিয়েছেন জোড়া গোল। শনিবার রাতে তার ম্যাজিকাল পারফরম্যান্সে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে ধরাশায়ী করেছে ইন্টার মিয়ামি।
প্রতিপক্ষের জালে মেসি বল জড়িয়েছেন দুবার। যার মধ্যে নির্ভুল নিশানায় একটি গোল এনে দিয়েছেন পেনাল্টি থেকে। গোলটি আসে ম্যাচের ১৮ মিনিটেই। মেসি নিজের অন্য গোলটি করেছেন লড়াইয়ের ৭৯ মিনিটে। নিজের দ্বিতীয় গোলেই ফ্লোরিডার ক্লাবটির জয়ের নায়ক বনে গেছেন মেসি। ম্যাচের শুরুতে অবশ্য মিয়ামিই ২-০ গোলের লিড নিয়ে ফেলেছিল।
দলের প্রাণভোমরা মেসির ক্ষিপ্রগতির পেনাল্টিতে মিয়ামি এগিয়ে যাওয়ার পর ডেভিড বেকহামের ক্লাবটি দ্বিতীয় গোলের সন্ধান পায় প্রথমার্ধের ইনজুরি টাইমে। প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তে মেসির একটি ফ্লিক থেকে বল পেয়ে মাতেও সিলভেত্তি আড়াআড়ি শট নেন। উড়ে আসা সেই বলে মাথা ছুঁয়ে গোল এনে দেন জার্মান বার্তেরাম।
তবে বিরতির পর খেলায় ফেরে স্বাগতিক কলোরাডো। ৪ মিনিটের আক্রমণের ঝড় তুলে আদায় করে দুটি গোল। ম্যাচে স্কোর লেভেল করেন ফেরান রাফায়েল নাভারো (৫৮) ও ড্যারেন ইয়াপি (৬২)। সেই সমতা থেকেই জয়সূচক গোলটি করে ম্যাচের চিত্রনাট্য বদলে দেন মেসি।
আর্জেন্টাইন মেগাস্টার মেসির জন্য টিকিটের ব্যাপক চাহিদা মেটাতে কলোরাডো ম্যাচটি ডেনভারের বিশাল এনএফএল স্টেডিয়ামে স্থানান্তর করেছিল। ম্যাচ চলাকালে দেখা যায়, স্টেডিয়ামের গ্যালারিতে হাজির ৭৫ হাজার ৮২৪ দর্শক। এটা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।
এমন জমজমাট ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায় মেসির সেই দ্বিতীয় গোলেই। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে রদ্রিগো দি পলের পাস ধরে বক্সে ঢুকে পড়েন মেসি। সেখানে তিনজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে হ্যাভিয়ের মাসচেরানো পদত্যাগ করার চার দিন পর শনিবার রাতে মিয়ামির ভারপ্রাপ্ত কোচ হিসেবে ডাগআউটে ছিলেন হোয়োস। মেসির দীর্ঘদিনের বন্ধু হোয়োস এ জয়ে যারপরনাই উচ্ছ্বসিত। নতুন কোচ বলেন, ‘আমাদের কাছে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে।’
একনজরে
কলোরাডো ২-৩ ইন্টার মিয়ামি