হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে নতুন মোড়, দালাল চক্রের ধান্ধাবাজি বন্ধ, ফিফার সঙ্গে আলোচনা চলছে

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নতুন মোড় দিয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড, যারা বাংলাদেশ অঞ্চলের মিডিয়া স্বত্ব কিনেছিল, তারা শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। ফলে এখন দেশের সম্প্রচার প্রতিষ্ঠানগুলো সরাসরি ফিফার সঙ্গে কম মূল্যে নতুন করে আলোচনার সুযোগ পাচ্ছে।

বিশ্বকাপ শুরু হচ্ছে ১২ জুন। ফাইনাল হবে ২০ জুলাই। সবমিলিয়ে বিশ্বকাপের ১০৪টি সরাসরি সম্প্রচার করবে ফিফা। যারা ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনবে তারা নিজ দেশে এই ম্যাচগুলো দেখাতে পারবে।
গত মার্চে ফিফার সঙ্গে প্রায় ৭ দশমিক ২১১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৮ কোটি টাকা) মূল্যের চুক্তি করেছিল সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ফিফা শেষ পর্যন্ত চুক্তি বাতিল করে দেয়।

প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তি স্বাক্ষরের ২০ দিনের মধ্যে মোট অর্থের ৩০ শতাংশ, এরপর ১০ এপ্রিল আরও ৩০ শতাংশ, ১০ মে ২০ শতাংশ এবং ৩১ মে বাকি ২০ শতাংশ পরিশোধের কথা ছিল। কিন্তু প্রথম তিন কিস্তির অর্থই ফিফার কাছে জমা দিতে পারেনি স্প্রিংবক।

স্প্রিংবক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কাছে বিশ্বকাপের খেলা সম্প্রচার বাবদ প্রায় ১২ দশমিক ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছিল। এই প্যাকেজের মধ্যে টেলিভিশন, রেডিও, মোবাইল ও ইন্টারনেট সম্প্রচার স্বত্ব অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এত বিপুল পরিমান অর্থে বিটিভি এই সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি। আর তাই স্প্রিংবক এবং এর সঙ্গে জড়িত বাংলাদেশি কিছু মধ্যস্বত্বভোগীর ধান্ধাবাজি বন্ধ হয়ে যায়।

চুক্তি বাতিল হওয়ার পর এখন টি স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগ এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কেনার দৌড়ে রয়েছে। আর্থিক চুক্তিতে বনিবনা চুড়ান্ত হলে বিটিভিতে বিশ্বকাপের সব খেলা সম্প্রচার হবে। এই প্রসঙ্গে দৈনিক আমার দেশকে টি- স্পোর্টস ও স্টার নিউজের শীর্ষ কর্মকর্তারা জানান, ‘বিটিভি যদি এই সম্প্রচার স্বত্ব কিনে তাহলে আমরা এই আর্থিক বিষয়ে সহযোগিতার জন্য তৈরি। তখন বিটিভি থেকে এই দুটো বেসরকারি টেলিভিশনের কোনো একটি অংশীদার প্রতিষ্ঠান হিসেবে সাব-লাইসেন্স নিতে পারবে।’

এশিয়ায় বিশ্বকাপ সম্প্রচারের বাজার পরিস্থিতি বিবেচনায় ফিফা এখন বাংলাদেশের জন্য মূল্য কমাতে রাজি হয়েছে। এই সম্প্রচার স্বত্বের প্রক্রিয়া ও ফিফার সঙ্গে জড়িত থাকা এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ”শুরুতে ফিফা ৭ মিলিয়ন ডলার চেয়েছিল। এখন তারা ৫ মিলিয়নের কিছু বেশি আশা করছে। তবে ভারত ও চীনের বাজারে মূল্য কমে যাওয়ায় বাংলাদেশের জন্য ২-৩ মিলিয়ন ডলারই বাস্তবসম্মত।”

তিনি আরও জানান, এই দামে কিনলেও লাভজনক হওয়া নিশ্চিত নয়। ফলে বিটিভিকে বিনামূল্যে ফিড দেওয়ার সম্ভাবনাও কম।

সূত্র বলছে, সরকারও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির জন্য বিনামূল্যে সম্প্রচার স্বত্ব চেয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করেছিল। তবে ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

ফিফার যুক্তি, বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব থেকেই স্থানীয় ফুটবল ফেডারেশনগুলোকে প্রতিবছর কোটি কোটি ডলার দেওয়া হয়। তাই বিনামূল্যে স্বত্ব দেওয়ার সুযোগ নেই।

বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। স্থানীয় গনমাধ্যমকে তিনি শুধু জানিয়েছেন, “এখনও নির্দিষ্ট কোনো তথ্য হাতে পাইনি। আশা করছি দ্রুতই বিষয়টি পরিষ্কার হবে।”

বিশ্বকাপের এই সম্প্রচার নিয়ে বাংলাদেশের মতো চীন এবং ভারতও এই সঙ্কটে পড়েছিল। ফিফা অবশ্য জানিয়েছে, কিছুদিন আগে চীনের সঙ্গে তাদের ২০২৬ ও ২০৩০ সালের পুরুষদের বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩২ সালের নারী বিশ্বকাপের সম্প্রচার বিষয়ে চুক্তি চুড়ান্ত হয়েছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমসি) এই সম্প্রচার লাইসেন্স পেয়েছে। ভারতের সঙ্গে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে এখনো সমঝোতা আলোচনা চলছে। আশা করা হচ্ছে শিগগিরই ফিফার সঙ্গে ভারতের সমঝোতা চুক্তিও চুড়ান্ত হবে।

এর আগে, বিশ্বকাপ সম্প্রচার স্বত্বকে ঘিরে শতকোটি টাকার অনিয়ম, অতিমূল্যায়ন এবং প্রভাবশালী সিন্ডিকেটের সক্রিয়তার অভিযোগও উঠেছিল। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ২০২২ কাতার বিশ্বকাপের সময়ও বাংলাদেশ টেলিভিশনকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে অস্বাভাবিক ব্যয়ে বাধ্য করা হয়েছিল।

তখন বিটিভিকে গেলানো হয়েছিল যে “টেরিস্ট্রিয়াল সম্প্রচারের জন্য আলাদা লাইসেন্স” প্রয়োজন। সেই যুক্তিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে প্রায় ১০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ে যুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। অথচ অতীতের বিশ্বকাপগুলোতে বেসরকারি সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্বত্ব কিনলেও বিটিভি আলাদা বড় অঙ্কের অর্থ ছাড়াই সম্প্রচার সুবিধা পেয়েছিল।

তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপের মূল সম্প্রচার স্বত্ব বাবদ অগ্রিম অর্থ ছিল প্রায় ২৪ কোটি টাকা। ডিজিটাল রাইটস থেকে আয় হয়েছিল আরও প্রায় ১৪ কোটি টাকা। কিন্তু এর বাইরে বিটিভিকে প্রায় ১০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, ২০২২ সালের অতিরিক্ত ব্যয়ের কারণেই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্প্রচারমূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো হয়। এর প্রভাব পড়েছে ২০২৬ বিশ্বকাপের স্বত্ব নির্ধারণেও।

বর্তমানে ২০২৬ বিশ্বকাপের আন্তর্জাতিক স্বত্বধারী হিসেবে কাজ করছিল স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। অভিযোগ রয়েছে, তারা প্রায় ৭ দশমিক ২১১ মিলিয়ন ডলারে স্বত্ব কিনে পরে বিটিভির কাছে প্রায় ১০ মিলিয়ন ডলারে বিক্রির প্রস্তাব দেয়। পাশাপাশি স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আরও প্রায় ৮ মিলিয়ন ডলার আয়ের পরিকল্পনাও ছিল।

তবে বিটিভি আগ্রহ না দেখানোয় সেই পরিকল্পনায় ভাটা পড়ে। সূত্রের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে ফিফাকে মোট অর্থের ৬০ শতাংশ পরিশোধ করতেই ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের বিজ্ঞাপন বাজার ও বাস্তব আয় বিবেচনায় বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের যৌক্তিক মূল্য ৪০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে হওয়া উচিত। কয়েকটি আগ্রহী প্রতিষ্ঠানও সর্বোচ্চ প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল বলে জানা গেছে।

সম্প্রচার বিশেষজ্ঞদের মতে, ৭ থেকে ১০ মিলিয়ন ডলারের মূল্য নির্ধারণ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি এখন শুধু বাণিজ্যিক বিষয় নয়; রাষ্ট্রীয় স্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন। তারা ২০২২ বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ক্রয়, অনুমোদন ও আর্থিক লেনদেন নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং বিশেষ অডিটের দাবি জানিয়েছেন। চার বছর আগে কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়বাবদ বিটিভি যে বিপুল অংক ব্যয় করেছিল সেখান থেকে বাফুফের সঙ্গে জড়িত বর্তমান এবং সাবেক কয়েকজন কর্মকর্তা মধ্যস্বত্বভোগী হিসেবে প্রচুর পরিমান অর্থ কামিয়েছিলেন। সেই তালিকায় থাকা দু’একজন এবারো সক্রিয় ছিলেন। কিন্তু বিটিভি এবার সেই জালিয়াতি ধরতে পেরে আগাম সর্তকতা নেওয়ায় কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে।

রোনালদো নন, পর্তুগালের ‘আসল বস’ ব্রুনো!

মালদ্বীপকে গোলের বন্যায় ভাসাল ভারত

সাফ চ্যাম্পিয়নশিপ প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ নারী দল

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

‘হেক্সা’ স্বপ্ন ভাঙবে ব্রাজিলের, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে ব্রাজিলের ‘ভরসা’ আনচেলত্তি

মেসিকে নিয়ে কাটল দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলো মায়ামি

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো