চ্যাম্পিয়নস লিগ
সরাসরি শেষ ষোলোতে জায়গা হয়নি। এ কারণে নকআউট প্লেঅফ খেলতে মাঠে নামতে হচ্ছে ইন্টার মিলানকে। লক্ষ্যে অটুট থেকে আজ অ্যাস্পমাইরা স্তাদিয়ন সফরে যাচ্ছে ইতালির জায়ান্ট ক্লাবটি। বাংলাদেশ সময় রাত ২টায় ইন্টার মুখোমুখি হতে যাচ্ছে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটকে। চ্যাম্পিয়নস লিগের এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। প্লে-অফে যারাই হারবে, তাদেরই বিদায় নিতে হবে। আর জিতলেই পরের রাউন্ডের টিকিট।
লিগ পর্ব শেষেই কাজের কাজটি করে ফেলতে পারতে ইন্টার। কিন্তু দুর্ভাগ্য, সেটা সম্ভব হয়নি। আক্ষেপটা মাত্র ১ পয়েন্টের। আট ম্যাচে পাঁচ জয়, তিন হারে ১৫ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার দশম স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। লিগ পর্বে প্রতিপক্ষের জালে ১৫ গোল দিয়ে হজম করেছিল মাত্র ৭ গোল। সে সুবাদে স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি থেকে গোল ব্যবধানে এগিয়েছিল ইন্টার।
গোল ব্যবধানে পিছিয়ে থেকে সরাসরি শেষ ষোলোতে পা রেখে পর্তুগাল ও ইংল্যান্ডের ক্লাবটি। দুদলই ইন্টারের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়েছিল। এক পয়েন্ট কমতি পড়ায় এবার নকআউট প্লে-অফে খেলতে হচ্ছে ইন্টারকে। আর কোচ ক্রিস্টিয়ান চিভুর প্রতিপক্ষ বোডো/গ্লিমট লিগ পর্ব শেষ করেছে তালিকার ২৩তম স্থানে থেকে। আট ম্যাচে জয় পেয়েছিল তারা মাত্র দুটি ম্যাচে। বাকি ছয় ম্যাচে সমান তিনটি করে হার ও ড্রয়ে হতাশ হতে হয়েছে নরওয়ের ক্লাবটিকে।
লিগ পর্বে চমক দেখিয়েছিল বোডো/গ্লিমট। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে ২-২ রুখে দিয়েছিল দলটি। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফুটবলপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিল ক্লাবটি। পরে তারা ২-১ গোলে হারায় স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে। এবার প্লে-অফে তেমন দারুণ কিছু উপহার দিতে চাচ্ছে ইন্টারের বিপক্ষে। এদিক থেকে দেখলে, কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে ইন্টারকে।
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠার জন্য আজ রাতে মাঠে নামছে লিগপর্বে ১৬তম হওয়া বায়ার লেভারকুসেনও। জার্মান জায়ান্ট ক্লাবটি লড়াই করবে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস পাইরেউস। অভিন্ন লক্ষ্য নিয়ে বেলজিয়ান ক্লাব ব্রুগের মাঠে যাচ্ছে ১৪তম দল হিসেবে লিগপর্ব শেষ করা স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ। লেভারকুসেন ও অ্যাটলেটিকো মাঠে নামবে রাত ২টায়। তবে আজারবাইজানের কারাবাগ আর ইংল্যান্ডের নিউক্যাসলের লড়াই হবে অবশ্য আগেই। রাত ১১টা ৪৫ মিনিটে তোফিক বাহরামোভ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।