এমএলএসের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়ে আবারও লিওনেল মেসি। তবে এবার তাঁর সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলের নতুন বিস্ময়, ১৭ বছর বয়সী কাভান সুলিভান। ২০২৬ মৌসুমের ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দুজনই।
বৃহস্পতিবার পাঁচজনের এই তালিকা প্রকাশ করেছে মেজর লিগ সকার (এমএলএস)। মেসি ও সুলিভানের সঙ্গে মনোনয়ন পেয়েছেন এভান্দার (এফসি সিনসিনাটি), গিলের্মে (হিউস্টন ডায়নামো) এবং হানি মুখতার (ন্যাশভিল এসসি)।
ইন্টার মিয়ামির জার্সিতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন মেসি। টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন এমএলএসের গোল্ডেন বুট। লিগে তাঁর গোলসংখ্যা ২৬। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার এমভিপি হওয়া আর্জেন্টাইন মহাতারকার সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি—এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুম বর্ষসেরার স্বীকৃতি পাওয়া।
তবে আলোচনার কেন্দ্রে শুধু মেসি নন, সুলিভানও। মাত্র ১৭ বছর বয়সে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এমভিপি পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ। একই সঙ্গে মনোনয়ন পেয়েছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারেও। এমভিপির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া প্রথম কিশোরও তিনি।
এমএলএসের বর্ষসেরা পুরস্কারের ভোটে সমান এক-তৃতীয়াংশ করে অবদান থাকবে ক্লাবের কারিগরি কর্মকর্তাদের, খেলোয়াড়দের এবং নির্বাচিত গণমাধ্যমকর্মীদের। প্লে-অফ চলাকালে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করবে লিগ।