বার্সেলোনায় যাওয়ার ইচ্ছাই শেষ পর্যন্ত আর্সেনালে হুলিয়ান আলভারেজের সম্ভাব্য যোগদানে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে নিতে আর্সেনালের আগ্রহ থাকলেও উত্তর লন্ডনের ক্লাবটিতে যেতে রাজি নন তিনি। বরং তার পছন্দ বার্সেলোনা। দলবদল বিশেষজ্ঞ ডেভিড অর্নস্টেইন এমনটাই জানিয়েছেন।
অর্নস্টেইন জানিয়েছেন, আর্সেনাল কোচ মিকেল আরতেতার সঙ্গে সরাসরি কথা বলেছেন আলভারেজ। সেখানে তিনি ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে নিজের অনাগ্রহের কথা জানান। অর্নস্টেইনের ভাষায়, ‘এই মুহূর্তে আলভারেজের আর্সেনালে যাওয়ার সম্ভাবনা কম, কারণ তার মন পড়ে আছে বার্সেলোনায়।’
পুরো গ্রীষ্মজুড়েই আলভারেজকে ঘিরে দলবদলের আলোচনা চলছে। সাবেক ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে পেতে একাধিকবার চেষ্টা করেছে বার্সেলোনা। তবে তাদের প্রস্তাবে সাড়া দেয়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি গত সপ্তাহে জানিয়ে দিয়েছে, আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করার বিষয়টি তারা বিবেচনাতেই রাখছে না।
এই পরিস্থিতিতে আর্সেনালকে বিকল্প গন্তব্য হিসেবে দেখা হচ্ছিল। দলবদলের শেষ দিকে আলভারেজকে দলে ভেড়ানোর বিষয়ে আলোচনা চলছিল। অ্যাটলেটিকোও বার্সেলোনার পরিবর্তে আর্সেনালের সঙ্গে সমঝোতায় আগ্রহী বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়ের নিজের ইচ্ছা।
আর্সেনালের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে অর্নস্টেইন বলেন, ‘সে মিকেল আরতেতার সঙ্গে কথা বলেছে এবং জানিয়েছে, সে আসতে চায় না। অবশ্যই পরিস্থিতি বদলাতে পারে। সামনের কয়েক দিনে সে নিজের অবস্থান নরম করতে পারে কি না, সেটি দেখার বিষয়।’
এদিকে মাদ্রিদের ক্লাবটিতেও স্বস্তিতে নেই আলভারেজ। বার্সেলোনার সঙ্গে তার নাম জড়ানোর পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে অ্যাটলেটিকো সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাকে। অসুস্থতার কারণে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকালের অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না আলভারেজ। শুক্রবার বিকেলে মাজাদাহোন্দা ট্রেনিং সেন্টারে ফিরলেও দলের সঙ্গে অনুশীলন করেননি।