হোম > খেলা > ফুটবল

ইউরোপ জয় উদযাপনে উত্তপ্ত প্যারিস, আটক ৪৫

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ-সেরা হয়েছে পিএসজি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় নাটকীয় টাইব্রেকার জয়ের পর আনন্দে ভেসেছেন ফরাসি ক্লাবটির সমর্থকেরা। তবে সেই উৎসবের আবহ কিছু জায়গায় রূপ নেয় সহিংসতায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যারিস পুলিশ অন্তত ৪৫ জনকে আটক করেছে।

ফাইনালে আর্সেনালের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে পিএসজি। উসমান দেম্বেলের পেনাল্টি গোলে সমতা ফেরানোর পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা। শিরোপা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানী প্যারিসজুড়ে শুরু হয় উল্লাস।

বিশেষ করে আর্ক দ্য ত্রিয়ঁফ এবং শঁজেলিজে এলাকায় হাজারো সমর্থক জড়ো হয়ে আতশবাজি, পতাকা ও গাড়ির হর্ন বাজিয়ে উৎসব করেন। শঁজেলিজে এলাকায় প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে উৎসবের মধ্যেই কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। প্যারিস পুলিশের তথ্য অনুযায়ী, কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একটি দল রাজধানীর অষ্টম অ্যারোন্দিসমঁ এলাকার একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানা গেছে। এছাড়া একটি বেকারি ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

শহর ঘিরে থাকা প্রধান রিং রোডেও কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা তৈরি হয়। একদল সমর্থক রাস্তা অবরোধ করে রাখলে পুলিশ অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। রাত ১০টা পর্যন্ত অন্তত ৪৫ জনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে পিএসজির স্টেডিয়ামের আশপাশেও বিপুল সংখ্যক সমর্থক জড়ো হয়। প্রায় এক হাজার মানুষ সেখানে অবস্থান নিলে পুলিশকে ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নিতে হয়। সমর্থকদের তৈরি করা অস্থায়ী সাইকেল ব্যারিকেডও ভেঙে দেওয়া হয়।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এমন পরিস্থিতি অবশ্য নতুন নয়। গত বছর পিএসজির প্রথম ইউরোপীয় শিরোপা উদযাপনের সময়ও ফ্রান্সজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তখন ৫০০ জনের বেশি মানুষকে আটক করেছিল পুলিশ।

এবারও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখে প্যারিসজুড়ে আগে থেকেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ও আশপাশের এলাকায় প্রায় ৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়। তবুও শিরোপা উদযাপনের রাতটি শেষ পর্যন্ত আনন্দের পাশাপাশি সহিংসতার খবরেও আলোচিত হয়ে থাকল।

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার

আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে বিশ্লেষণ, তিন তারকার বিদায়ে আবেগাক্রান্ত মাশরাফি