ফুটবলের পৃথিবীতে কিছু মানুষ আছেন, যাদের জীবনটা মূলত ফেরিওয়ালার মতো; এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়ানো কিংবা দেশ-দেশান্তরের গল্প বয়ে নিয়ে যেখানে আনন্দের বিষয়। থমাস ডেনিস ডুলি ঠিক তেমনই এক চরিত্র। পশ্চিম জার্মানির ছোট্ট শহর বেখহোফেনে জন্ম নেওয়া সেই ছেলেটি একসময় হয়ে উঠেছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হৃৎস্পন্দন। আর আজ, বহু মহাদেশ ঘুরে তিনি এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়ের সামনে। লাল-সবুজের ফুটবলে কর্তৃত্বের ব্যাটনটা তার হাতেই তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
থমাস ডুলি শুধু একজন কোচ নন। তিনি পুরোনো ইউরোপিয়ান শৃঙ্খলা, আমেরিকান লড়াকু মানসিকতা আর এশিয়ান ফুটবলের স্বপ্নকে এক সুতোয় গেঁথে ফেলা এক পথিক। তার ফুটবলযাত্রার শুরুটা হয়েছিল ফরোয়ার্ড হিসেবে। জার্মানির অপেশাদার ক্লাব এফকে পিরমাসেন্সে গোলের স্বপ্ন বুনতেন তরুণ ডুলি। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় তার অবস্থান, বদলে যায় চরিত্রও। এফসি হোমবুর্গে গিয়ে তিনি হয়ে ওঠেন মিডফিল্ডের যোদ্ধা। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ উত্থান—তৃতীয় বিভাগ থেকে বুন্দেসলিগার আলোয় উঠে আসা।
১৯৮৮ সালে তিনি যোগ দেন কাইজারস্লটার্নে। সেই ক্লাবের জার্সিতেই তিনি জিতেছিলেন জার্মান কাপ, পরে বুন্দেসলিগা শিরোপাও। এরপর বায়ার লেভারকুসেন, শালকে—জার্মান ফুটবলের শক্ত ঘাঁটিগুলোয় নিজের ছাপ রেখে গেছেন তিনি। ১৯৯৭ সালে শালকের হয়ে জেতেন উয়েফা কাপ। ইউরোপের রাতগুলো তখন চিনে ফেলেছিল ডুলির দৃঢ়তা।
কিন্তু থমাস ডুলির গল্প শুধু ক্লাব ফুটবলের নয়। যুক্তরাষ্ট্র যখন ১৯৯৪ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা খুঁজছিল এমন কিছু ফুটবলার, যারা দলটিকে আন্তর্জাতিক মানে তুলে আনতে পারবে। সেই সময়ই আবিষ্কার হয় ডুলিকে। জার্মানিতে জন্ম হলেও বাবার সুবাদে আমেরিকার হয়ে খেলার সুযোগ ছিল তার। আর সেই সুযোগকে তিনি পরিণত করেছিলেন নেতৃত্বের গল্পে। ১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জার্সিতে প্রতিটি মিনিট খেলেছিলেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও ছিলেন দলের ভরসা। পরে ১৯৯৮ বিশ্বকাপে অধিনায়কের আর্মব্যান্ডও ওঠে তার হাতে। মাঠে তিনি ছিলেন ঠান্ডা মাথার সেনাপতি—যিনি ডিফেন্স সামলাতেন, আবার প্রয়োজন হলে দলকে সামনে টেনে নিতেন। ৮১ আন্তর্জাতিক ম্যাচ আর সাত গোলের পর খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ডুলি। কিন্তু ফুটবল তাকে ছাড়েনি।
অবসর নেওয়ার পরই শুরু হয় আরেক অধ্যায়—কোচ থমাস ডুলি। জার্মানির সারব্রুকেন ক্লাবের দায়িত্ব নিয়ে তিনি ইতিহাস গড়েছিলেন ইউরোপে কোনো পেশাদার দলের প্রথম আমেরিকান কোচ হিসেবে। এরপর যুক্তরাষ্ট্র জাতীয় দলে ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবে কাজ করেন। তবে এশিয়ার ফুটবলে তার সবচেয়ে বড় পরিচিতি তৈরি হয় ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব নিয়ে। ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার সময় ফিলিপাইন ছিল স্বপ্ন দেখা এক দল। ডুলির অধীনে সেই দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। শৃঙ্খলা, ট্যাকটিকস আর খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হন। তার অধীনে ফিলিপাইন বড় দলগুলোর বিপক্ষেও লড়াই করতে শিখেছিল।
তার কোচিং ক্যারিয়ারে বিতর্কও এসেছে। কখনো খেলোয়াড়দের সঙ্গে মতবিরোধ, কখনো কঠোর আচরণের অভিযোগ। কিন্তু একটা বিষয় সব সময় স্পষ্ট ছিল—ডুলি আপস করতে জানেন না। তিনি বিশ্বাস করেন পেশাদার মানসিকতায়, কঠোর পরিশ্রমে এবং জয়ের সংস্কৃতিতে। ভিয়েতনামের ভিয়েত্তেল ক্লাবে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে লিগ শিরোপা জিতেছেন। মালয়েশিয়ায় কোচিং করেছেন। গায়ানার দায়িত্ব নিয়ে নতুন দল গড়ার চেষ্টা করেছেন। প্রতিটি জায়গায় তিনি রেখে গেছেন নিজের ফুটবল দর্শনের ছাপ। আর এখন সেই মানুষটিই বাংলাদেশের ফুটবলের নতুন পথপ্রদর্শক।
বাংলাদেশের ফুটবল বহুদিন ধরেই খুঁজছে এমন একজন, যিনি শুধু ম্যাচ জেতানোর পরিকল্পনা দেবেন না, বদলে দেবেন মানসিকতাও। ডুলির অভিজ্ঞতা, তার বিশ্বজোড়া পথচলা, বড় মঞ্চের চাপ সামলানোর ক্ষমতা—সবকিছু মিলিয়ে তিনি হতে পারেন সেই পরিবর্তনের প্রতীক। ডুলির পুরো জীবনটাই সেই পরিবর্তনের বার্তা দেয়—ফুটবল কেবল পায়ের খেলা নয়, এটা সাহসের, বিশ্বাসের এবং নতুন দিগন্ত খোঁজার গল্প। এখন দেখার পালা, সেই গল্পের পরবর্তী অধ্যায় বাংলাদেশকে কোথায় নিয়ে যায়।