হোম > খেলা > ফুটবল

টানা ২৫ মৌসুম গোল করে বিশ্বরেকর্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। শুক্রবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে দলের চতুর্থ গোলটি করে এই রেকর্ড গড়েন তিনি।

চলতি মৌসুমে আল নাসরের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে মাঠে নামার পর গোল পেতে বেশি সময় নেননি তিনি। ম্যাচের ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন। এরপর ৮৩তম মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান রোনালদো।

এই গোলের মাধ্যমে টানা ২৫ মৌসুমে লিগে গোল করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই কীর্তি ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের দখলে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন সুইডিশ তারকা।

রোনালদোর এই গোলের ধারাটি ছড়িয়ে আছে চারটি দেশে পাঁচটি ক্লাবে। স্পোর্টিংয়ের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরু থেকে গোল করে আসছেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম মেয়াদের প্রতিটি মৌসুমে, রিয়াল মাদ্রিদের হয়ে নয় মৌসুম এবং জুভেন্টাসের হয়ে তিন মৌসুম গোল করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় দফায় ফেরার পরও গোলের ধারাবাহিকতা ধরে রাখেন রোনালদো। ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে পাড়ি জমানোর পর আল নাসরের জার্সিতেও সেই ধারা অব্যাহত রয়েছে।

আল রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর অফিসিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। বহুল আলোচিত ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ২৩ গোল।

তার মোট ৯৭৭ গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে ১৪৫টি, জুভেন্টাসের হয়ে ১০১টি, আল নাসরের হয়ে ১৩০টি, স্পোর্টিংয়ের হয়ে ৫টি এবং পর্তুগালের হয়ে ১৪৬টি গোল রয়েছে।

২০২৬-২৭ মৌসুমটিই পেশাদার ফুটবলে রোনালদোর শেষ মৌসুম হতে পারে। এমন ইঙ্গিত নিজেই দিয়েছেন পর্তুগিজ তারকা। চলতি মাসের শুরুতে ‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’

ওই সাক্ষাৎকারের সময় রোনালদোর ক্যারিয়ার গোল ছিল ৯৭৬টি। নতুন লিগ মৌসুমের প্রথম উপস্থিতিতেই আরও একটি গোল যোগ করে সেটিকে নিয়ে গেছেন ৯৭৭-এ।

আল নাসরের সঙ্গে চলতি মৌসুম পর্যন্ত চুক্তি থাকা রোনালদো এখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে। তবে বয়স ৪১ পেরিয়েও তার সামনে রয়েছে বিশাল এক লক্ষ্য, ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক। টানা ২৫ মৌসুমে গোল করার নতুন রেকর্ডের পর সেই লক্ষ্যপূরণের দৌড়ও হয়ে উঠেছে আরও রোমাঞ্চকর।

প্রথম মেট্রোরেল পাচ্ছে পুরান ঢাকাবাসী, ব্যয় প্রায় ৬০ হাজার ৮৩৬ কোটি টাকা

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

সিডিএর আট ইমারত পরিদর্শকের অব্যাহতি নিয়ে তোলপাড়

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

জনসমক্ষে বোরকা ও নেকাব নিষিদ্ধ করল পর্তুগাল

হঠাৎ কেন জেন-জির মতো রিলস বানাচ্ছেন মোদি

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

সমকালীন সংস্কৃতিকে নবীজি কীভাবে মোকাবিলা করেছেন

টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

দুই টুকরা চাঁদ