সিলেটের মূল মাঠে বিসিএলের প্রথম রাউন্ডের উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচ শেষ হয়েছে তিন দিনেই। তবে একাডেমি মাঠে হওয়া মধ্যাঞ্চল-পূর্বাঞ্চলের লড়াই গড়িয়েছে চতুর্থ দিনে। কিন্তু লাল বলের চারদিনের ম্যাচের ভাগ্যটাও প্রায় নির্ধারণ হয়ে গিয়েছিল বৃহস্পতিবার- তৃতীয় দিনেই।
কিন্তু ম্যাচ শেষ হয়েছে খেলা মাঠে গড়ানোর প্রথম ঘণ্টার মধ্যেই। আজ বৃহস্পতিবার ম্যাচের শেষদিনে ইবাদত হোসেনের বোলিং ঝড়ে মধ্যাঞ্চলকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে জিতেছে পূর্বাঞ্চল। সুপার কনকাশন সাব অমিত হাসানের ১৬২ রানের দুরন্ত ইনিংসের সঙ্গে হেসেছে মুশফিকুর রহিম (৮৩), ইয়াসির আলী রাব্বী (৭৯*) ও মাহমুদুল হাসানের (৬৪) ব্যাট। তিনজনই আদায় করে নেন হাফ সেঞ্চুরি। তাদের ব্যাটিং নৈপুণ্যে ৪৬৩ রানের পাহাড় গড়েছিল পূর্বাঞ্চল।
এত বিশাল স্কোর গড়ার পর তাদের আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতেই হয়নি। প্রথম ইনিংসে ৩০৭ রানের সংগ্রহ দাঁড় করা মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে বিধ্বস্ত হয়েছে মাত্র ১০৩ রানে।
প্রতিপক্ষ মধ্যাঞ্চলকে ধসিয়ে দেওয়ার আসল কাজটা তৃতীয় দিনেই করে রেখেছিলেন খালেদ আহমেদ-হাসান মুরাদরা। সাত উইকেট শিকার করে এগিয়ে ছিল মধ্যাঞ্চল। ৮৩ রানের পুঁজি আর তিন উইকেট হাতে রেখে শেষদিনে ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চল গুটিয়ে যাওয়ার আগে দলীয় স্কোরে যোগ করেছে আর মাত্র ২০ রান।
আগের দিন ইবাদত হোসেন পেয়েছিলেন এক উইকেট। আজ বাকি তিনটি উইকেটই গেছে তার পকেটে। রাকিবুল হাসান, সাদমান ইসলাম আর এনামুল হক ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তার বলে।
দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের জার্সি গায়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২২ রান দলীয় স্কোরে যোগ করেন মোসাদ্দেক হোসেন। ইবাদত শিকার করেন চার উইকেট। আর খালেদ পেয়েছেন তিন উইকেট। বাকি তিন উইকেটের দুটি হাসান মুরাদ ও একটি পান তোফায়েল।
তবে ম্যাচ শেষে ডাবল সেঞ্চুরি মিস করা অমিত আক্ষেপ করে বলেন, ‘আমরা ইনিংস ব্যবধানে জিতেছি- এটাই মুখ্য বিষয়। দলের প্রয়োজনে কন্ট্রিবিউশন করতে পেরেছি। অবশ্যই প্রত্যেক ব্যাটসম্যানেরই ইচ্ছা থাকে ডাবল হান্ড্রেড করার। তো আমারও ওরকম একটা ইচ্ছা ছিল।’
অন্য ম্যাচে বৃহস্পতিবার আকবর আলী আর প্রিতম হাসানের সেঞ্চুরির পর দক্ষিণাঞ্চলকে ১০ উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ৩০৭/১০, ৯১.৪ ওভার ও মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস: ১০৩/১০, ২৮ ওভার (আগের দিন ৮২/৭) (রকিবুল ১১, সাদমান ৮, এনামুল ০, ইকবাল ৫*; খালেদ ৩/২৭, ইবাদত ৪/২৮, মুরাদ ২/২৩)।
পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ৪৬৩/১০, ১১৬ ওভার।
ফল: ইনিংস ও ৫৩ রানে জয়ী পূর্বাঞ্চল।
ম্যাচসেরা: অমিত হাসান।