হোম > খেলা > ফুটবল

ইসরায়েলি গোলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

স্পোর্টস ডেস্ক

বাড়ির জন্য রান্নার গ্যাস ভরতে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন সালিম আল-আশকার। কয়েক মিনিট পরই তার নিথর দেহ হাসপাতালে পৌঁছায়। ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় নিহত হয়েছেন গাজার এই ফিলিস্তিনি গোলরক্ষক। চলমান যুদ্ধে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে এটি আরেকটি মর্মান্তিক অধ্যায়।

বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পূর্বে আল-কারারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ক্লাব খাদামাত খান ইউনিসের গোলরক্ষক আল-আশকার বাড়ির জন্য গ্যাস সিলিন্ডার কিনতে যাচ্ছিলেন। ঠিক তখনই এলাকায় অবস্থান নেওয়া একটি ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ভারী গোলাবর্ষণ শুরু হয়। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) জানিয়েছে, তার পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি তার পাকস্থলী, অন্ত্র, যকৃত ও অগ্ন্যাশয় গুলিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গাজার স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিনের যুদ্ধের কারণে কার্যত ভেঙে পড়েছে। চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ এবং স্বাস্থ্যকর্মীর তীব্র সংকটের মধ্যে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার প্রায় দুই ঘণ্টা পর মারা যান আল-আশকার।

৩২ বছর বয়সী এই গোলরক্ষক খাদামাত খান ইউনিসের পাশাপাশি আল-আকসা ও আল-মাসদার ক্লাবের হয়েও খেলেছেন। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। তার স্ত্রী এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায়। পরিবারের একমাত্র ছেলে আল-আশকার রেখে গেছেন সাত বোনকেও।

তার মৃত্যুর খবরে ফিলিস্তিনসহ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ফিলিস্তিনি অভিবাসীদের প্রতিষ্ঠিত চিলির ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, "খাদামাত খান ইউনিসের গোলরক্ষক সালিম আল-আশকারের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তার প্রাণহানির ঘটনায় আমরা শোকাহত। এমন ঘটনা বারবার ঘটছে, আমরা এর বিচার দাবি করছি।"

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত এক হাজার নয়জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫৬৭ জনই ফুটবলার।

নিহতদের মধ্যে ছিলেন পরিচিত ফুটবলার সুলেইমান আল-ওবেইদও। গত বছরের আগস্টে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান তিনি।

ফিলিস্তিনের ফুটবল অঙ্গন দীর্ঘদিন ধরেই যুদ্ধের নির্মম বাস্তবতার শিকার। শুধু খেলোয়াড় নন, বারবার হামলার মুখে পড়েছে ক্লাব, স্টেডিয়াম, অনুশীলন মাঠ ও অন্যান্য ক্রীড়া অবকাঠামোও। গাজার ক্রীড়াজগতের বড় একটি অংশ কার্যত ধ্বংস হয়ে গেছে।

গোলের রাজা, সংকটের ত্রাতা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল ও আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টিভির পর্দায় আর্জেন্টিনা-কেপ ভার্দে বিশ্বকাপ ম্যাচের সঙ্গে টেনিসের রোমাঞ্চ

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল, কেন?

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

টিভিতে ফ্রান্স-সুইডেনের বিশ্বকাপ লড়াইয়ের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ

ফুটবলার লুকাস ত্রেহো হারিয়েছেন স্ত্রী আর দুই সন্তান

‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ পর্বের খেলার সঙ্গে থাকছে টেস্টের রোমাঞ্চ

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা