দীর্ঘ এক মাসের বিরতির পর আজ শুক্রবার থেকে ফের শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা। এ দিন হতাশায় ডুবল বড় দুই ক্লাব মোহামেডান ও আবাহনী। দুদলই হারের স্বাদ পেয়েছে। মোহামেডানকে ২-১ গোলে হারাল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। চলমান লিগে মোহামেডানের প্রথম হার এটি। এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে চারটি জয়ে ১২ পয়েন্ট তাদের। টেবিলের তিন নম্বরে রয়েছে মোহামেডান। আর ছয় ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রহমতগঞ্জ। অন্যদিকে বাংলাদেশ পুলিশ এফসির কাছে ৩-২ গোলে হারল আবাহনী। এই জয়ে লিগে টানা ছয় ম্যাচেই অপরাজেয় থাকল পুলিশ। আর টানা দ্বিতীয় ম্যাচ হারল আবাহনী। সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পুলিশ। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট অর্জন সাতে থাকা আবাহনীর। এদিকে, লিগে আরেকটি ম্যাচ জিতল বসুন্ধরা কিংস। আজ ফর্টিস এফসির বিপক্ষে তাদের জয় ২-১ গোলের। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে তারা। একই দিন আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল মোহামেডান। মধ্যমাঠ থেকে উজবেক মিডফিল্ডার মোজাফ্ফরভের লম্বা পাস ধরে বক্সে ঢুকে যান শাহরিয়ার ইমন। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে সহজে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। কিন্তু মোহামেডানের এই গোলের আনন্দ হাওয়ায় মিশে যায় দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে সতীর্থের লম্বা ক্রস ধরে কোনাকুনি শটে গোল করেন ইব্রাহিম। গোলরক্ষক আনিসুর রহমান জিকো কিছুটা সামনে এগিয়ে এলেও বাধা হয়ে দাঁড়াতে পারেননি। ৬১ মিনিটে রহমতগঞ্জের প্রিন্স আনশাহর গোলটি ম্যাচে পার্থক্য গড়ে দেয়। কুশলের ফ্রি কিক ক্লিয়ার করতে পারেনি মোহামেডানের রক্ষণভাগ। সতীর্থের হেডের পর শরীরকে হাওয়া ভাসিয়ে দুর্দান্ত এক সাইড ভলিতে গোল করেন ঘানার ফরোয়ার্ড প্রিন্স।
এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিল আবাহনী। প্রথমার্ধে দুদল সমান তালে লড়লেও গোল হয়নি। বিরতির পর হয়েছে ম্যাচের সবকটি গোল। ৪৭ মিনিটে সেনেগালের ফরোয়ার্ড রসুলের গোলে এগিয়ে যায় পুলিশ। ডানদিকে আক্রমণে যান জাহিদ। তার কাছ থেকে গোলমুখে পাস পেয়ে রসুল আলতো টোকায় বল জালে জড়ান। ৬৩ মিনিটে পেনাল্টি পায় পুলিশ। বাম দিক থেকে আক্রমণে যান রসুল। তাকে বক্সের মধ্যে ফাউল করেন আবাহনীর সানডে আফোলাবি। এরপর ক্যামেরুনের ফরোয়ার্ড স্যাম পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ২-০ করেন। ৮৬ মিনিটে বাবাতুন্দের ক্রস বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন আবাহনীর ইমতিয়াজ। এই গোলে ম্যাচে কিছুটা প্রাণ ফেরে। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্যামের পাস থেকে শফিক গোল করলে পুলিশ এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। যোগ করা সময়ের ৭ মিনিটে আসাদুল মোল্লা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আবাহনী। বাবাতুন্দের গোলে শুধু হারের ব্যবধান কমাল দলটি।
অন্যদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় ১৬ মিনিটেই বড় ধাক্কা খায় ফর্টিস। চেকউবে বক্সের মধ্যে ফাউল করে বসেন বসুন্ধরা কিংসের রবসন ডি সিলভাকে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনই। এরপর ৫২ মিনিটে ব্রাজিলের আরেক ফরোয়ার্ড জেসাস ডি সিলভাকে বক্সের সামনে ফেলে দেন ফর্টিসের মিঠু। এরপর ফ্রি কিকে রবসন আরেকটি গোল করে কিংসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ৭২ মিনিটে ওমরের নেওয়া কর্নারে হেডে গোল করেন মিঠু। তার এই গোলটি শুধু দলের হারের ব্যবধান কমাল ফর্টিস।