ইতালিয়ান সিরি’এতে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর গল্প আবারও নতুন করে লিখল ইন্টার মিলান। আগের ম্যাচে নাপোলির বিপক্ষে পিছিয়ে পড়ে জয়ের পর এবার উদিনেসের মুখোমুখি হয়ে শুরুতেই দুই গোল হজম করেছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তবে শুরুর ধাক্কা সামলে গোলের উৎসবে মেতে উঠে শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
ম্যাচের শুরুটা ইন্টারের জন্য মোটেও সুবিধাজনক ছিল না। শুরুর দিকেই রক্ষণভাগের ভুলে মাত্র ১৬ মিনিটের মাথায় দুই গোল হজম করে বসে তারা। নবম মিনিটে প্রথম ধাক্কা খাওয়ার পর ১৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। তবে দ্রুতই নিজেদের সামলে নিয়ে আক্রমণের ধারা বাড়ায় ইন্টার মিলান। ২৬ মিনিটে কার্লোস আউগুস্তোর নিখুঁত লক্ষ্যভেদে ব্যবধান কমে আসে। এরপর ৩৫ মিনিটে নিকোলো বারেল্লার চমৎকার গোলে ২-২ সমতায় ফেরায় দল। প্রথমার্ধ শেষ হয় এই সমতাতেই।
দ্বিতীয়ার্ধে মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইন্টার মিলান। ৫৭ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন আক্রমণভাগের তারকা মার্কাস থুরাম। ইন্টারের গোলের ক্ষুধা সেখানেই থামেনি। ১০ মিনিট পর অর্থাৎ ৬৭ মিনিটে ব্যবধান ৪-২ করেন পিও এস্পোজিতো। এরপর ৭৯ মিনিটে আজোয়ান বনি গোল করলে ইন্টারের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে উদিনেস একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। ৫-৩ গোলের বড় জয় নিশ্চিত করে উল্লাসে মাতে স্বাগতিক ইন্টার মিলান।
চলতি মৌসুমে চার ম্যাচের সবকটিতে জয় পেয়ে শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করল ইন্টার। লিগে অপরাজেয় যাত্রা বজায় রেখে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রেখেছে দলটি।