হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান : ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

হঠাৎই অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আর এ যুদ্ধাবস্থার কারণে ইরানের ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কথার লড়াইয়ে জড়িয়ে পড়ায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ‘শত্রু’ দেশ যুক্তরাষ্ট্রে ফুটবল দল না পাঠানোর কথা বলে ভেন্যু বদলের দাবি তুলেছিল ইরান।

যদিও তাদের সে দাবি মেনে নেয়নি ফিফা। বিশ্বফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশাবাদী ছিলেন। সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত অর্থনৈতিক সম্মেলনেও আবার একই কথা বলেছেন ইনফান্তিনো।

বেশ জোর দিয়েই ফিফা সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা থাকলেও ইরান অবশ্যই ২০২৬ বিশ্বকাপে খেলবে। এ নিয়ে তার ভাষ্য, ‘ইরান অবশ্যই আসবে (বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে)। আশা করছি তখন পরিস্থিতি শান্ত থাকবে, তাতে সবার জন্যই ভালো হবে।’

কেন বিশ্বকাপে খেলবে ইরান? বৈশ্বিক আসরে তাদের অংশগ্রহণ নিয়ে যৌক্তিকতা তুলে ধরে ইনফান্তিনো আরো যোগ করেন, ‘ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে এবং তারা যোগ্যতা অর্জন করেছে; খেলোয়াড়রাও খেলতে চায়। খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। যদি কেউ সেতুবন্ধন তৈরি ও তা ধরে রাখায় বিশ্বাস না রাখে, তবে আমরা সে দায়িত্বটাই পালন করব।’

ইনফান্তিনো ইরানের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আশার কথা শুনিয়েছিলেন গত মার্চেও। তুরস্কের আনতালিয়ায় ইরান-কোস্টারিকার মধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করতে গিয়ে এ নিয়ে কথা বলেন তিনি। ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ইনফান্তিনো তখন বলেছিলেন, ‘না, না। ড্র অনুযায়ী যেখানে খেলার কথা, সেখানেই ম্যাচগুলো হবে।’

আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। এবার বিশ্বফুটবলের এই আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে। সূচি অনুযায়ী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা ইরানের। পরে ২১ জুন একই ভেন্যুতে দেশটির লড়াই করার কথা বেলজিয়ামের বিপক্ষে। ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের খেলার কথা রয়েছে সিয়াটলে মিসরের বিপক্ষে।

বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের ষষ্ঠ শিরোপা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে