ফুটবলে হাজার গোলের মাইলফলক ছোঁয়া তাঁর অন্যতম লক্ষ্য। তবে সেই লক্ষ্য পূরণ না হলেও নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগিজ মহাতারকার সাফ কথা, গোলসংখ্যা ৯২০, ৯২৫ কিংবা ৯৩০-এ থেমে গেলেও ইতিহাসের সেরা ফুটবলার তিনিই।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান ফর্ম, গোলের হিসাব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ৪১ বছর বয়সী রোনালদো। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকলেও মাঠের পারফরম্যান্স ও গোলসংখ্যার যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না তিনি।
ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭টি পেশাদার ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৮০। হাজার গোলের মাইলফলক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি যদি ৯২০, ৯২৫ বা ৯৩০টি গোলও করি... ইতিহাসের সেরা আমিই, ব্যস। পরিসংখ্যানই সব কথা বলে। আমি যদি ১,০০০ গোলের চূড়ায় পৌঁছাতে পারি তবে সেটা হবে অসাধারণ একটি বিষয়, যা আমার একটি লক্ষ্যও বটে। তবে আমি অনেক দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবি না।'
রোনালদোর এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘ ক্যারিয়ার ও অসংখ্য ব্যক্তিগত অর্জন। তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, আগামী জুনে চলতি ক্লাব মৌসুম শেষে অবসরের কথা ভাবতে পারেন। নতুন সাক্ষাৎকারে অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি। তাঁর ভাষায়, আগামীকাল কী হবে, তা তিনি জানেন না। এক সকালে উঠে খেলার অনুপ্রেরণা হারিয়ে ফেললেও অবাক হবেন না।
এদিকে, পর্তুগাল জাতীয় দল ঘিরে সাম্প্রতিক বিতর্কেও মুখ খুলেছেন রোনালদো। আন্তর্জাতিক বিরতির সময় অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তদন্ত শুরু করেছে। কোচ জর্জে জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও ঘটনা ভুলভাবে উপস্থাপনের অভিযোগও তুলেছেন তিনি।
পর্তুগিজ সংবাদমাধ্যমকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, এখনই জাতীয় দল ছাড়ার পরিকল্পনা নেই তাঁর। বিদায়ের আগে অন্তত একটি বা একাধিক ম্যাচ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন। পাশাপাশি পেলে ও দিয়েগো ম্যারাডোনার সমকক্ষ হিসেবে নিজেকে বিবেচনা করার কথাও বলেছেন পর্তুগিজ অধিনায়ক।