ফুটবল মাঠে তাঁর পরিচয় কৌশলী কোচ হিসেবে। কিন্তু মাঠের বাইরেও অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে পিছপা হন না পেপ গার্দিওলা। এবার গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ম্যানচেস্টার সিটির এই কোচ। একই সঙ্গে নীরব না থেকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানানোর তাগিদ দিয়েছেন তিনি।
গত সপ্তাহে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস (বিডিএস) আন্দোলনের ইউরোপীয় সম্মেলনে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন গার্দিওলা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁর বক্তব্যের বিস্তারিত প্রকাশ করে আল জাজিরা।
গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে গার্দিওলা বলেন, ‘গাজার পরবর্তী পৃথিবী আমাদের কাছে ভয়াবহতার বিরুদ্ধে দাঁড়ানোর দাবি জানায়।’ তাঁর মতে, ইসরায়েলের বর্ণবাদ, ঔপনিবেশিকতা ও দখলদারত্বের অবসান চাওয়ার দাবি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।
শুধু ক্রীড়াঙ্গন নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষেরই এ বিষয়ে দায়িত্ব রয়েছে বলে মনে করেন স্প্যানিশ কোচ। খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান কিংবা আন্তর্জাতিক রাজনীতি—সব জায়গা থেকেই প্রতিবাদের সুযোগ আছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, কোনো বর্ণবাদী ব্যবস্থা নিজে থেকে শেষ হয় না, আর নীরবতা কাউকে রক্ষা করতে পারে না।
গাজায় মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ টেনে গার্দিওলা বলেন, ‘আমাদের তাৎক্ষণিক ও সম্মিলিত দাবি হলো গণহত্যা বন্ধ করা, অবরোধ ভাঙা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করা। প্রতিটি উদ্যোগ গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি জীবনই মূল্যবান।’
প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশকারী বিডিএস আন্দোলনের ভূমিকারও প্রশংসা করেন তিনি। বক্তব্যের শেষ দিকে প্যালেস্টাইনের কবি মাহমুদ দারবিশ ও বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদের প্রসঙ্গ টেনে ঐক্য ও সংহতির বার্তা দেন গার্দিওলা। এর আগেও গাজায় শিশুদের মৃত্যু ও মানবিক সংকট নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন তিনি।