বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে নিজের অনুভূতি জানিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। দায়িত্ব পাওয়ার পেছনে লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির ভূমিকার কথাও জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে রোমেরো বলেন, দিনটি তাঁর জীবনের অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। বেলগ্রানোতে ক্যারিয়ার শুরুর সময় ১০ বছর পর জাতীয় দলের হয়ে এত কিছু অর্জনের কথা ভাবেননি বলেও জানান তিনি।
অধিনায়কত্বের বিষয়ে রোমেরো বলেন, কোচ লিওনেল স্কালোনি তাঁকে আগেই জানিয়েছিলেন নতুন অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। মূলত মেসি ও ওতামেন্দিই তাঁকে বেছে নিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টটেনহামের এই ডিফেন্ডার।
মেসির অবসর নিয়েও আক্ষেপ ঝরেছে রোমেরোর কণ্ঠে। তাঁর ভাষায়, ‘আমরা লিওকে ভীষণ মিস করব। তিনি ছিলেন আমাদের পতাকাবাহী। তাঁর মতো দ্বিতীয় কেউ কখনো আসবে না।’
ভবিষ্যৎ নিয়েও আশাবাদী রোমেরো। তাঁর মতে, দলে প্রতিভাবান খেলোয়াড় ও শক্তিশালী কোচিং প্যানেল রয়েছে। জাতীয় দলকে শীর্ষে রাখতে সবাই সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাবে।