হোম > খেলা > ফুটবল

স্টুটগার্টকে গোলবন্যায় ভাসিয়ে বুন্দেসলিগা শুরু বায়ার্নের

স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ভিনসেন্ট কোম্পানির দল পুরো ম্যাচজুড়েই ছিল নিয়ন্ত্রণে। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাভারিয়ানরা। বায়ার্নের হয়ে গোল করেছেন দায়োত উপামেকানো, মাইকেল ওলিসে, আলেকসান্ডার পাভলোভিচ ও লুইস দিয়াজ। একটি গোল এসেছে স্টুটগার্টের আত্মঘাতী ভুল থেকে।

বড় জয়ের ম্যাচটিতে অবশ্য গোলের দেখা পাননি বায়ার্নের ইংলিশ তারকা হ্যারি কেইন। এই জয়ে দীর্ঘদিনের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে বায়ার্ন। বুন্দেসলিগার মৌসুমের প্রথম ম্যাচে টানা ১৫ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে বায়ার্ন। একই রাতে মাইলফলক স্পর্শ করেছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও। প্রতিযোগিতামূলক ফুটবলে বায়ার্নের হয়ে এটি ছিল তার ৬০০তম ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরা। ২১ মিনিটে সেই চাপের ফলও পেয়ে যায় তারা। জশুয়া কিমিচের নেওয়া কর্নার থেকে হেড করে বায়ার্নকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার উপামেকানো।

এরপর ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল বায়ার্ন। কিন্তু স্টুটগার্টের গোলরক্ষক তিয়াগো টমাস একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। ফলে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে স্টুটগার্ট। ৫২ মিনিটে জোশা ভাগনোমানের শক্তিশালী ভলিতে করা গোলে ১-১ সমতা আসে। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই বায়ার্নকে আবার এগিয়ে দেন মাইকেল ওলিসে। এবারও গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিমিচের। তার বাড়ানো থ্রু বল পেয়ে ফরাসি ফরোয়ার্ড নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান।

এরপর বায়ার্নের আক্রমণের চাপ আরও বাড়ে। আলফনসো ডেভিসের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ভাগনোমান। ফলে আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। ওলিসে পরে আরও একবার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

৮২ মিনিটে বায়ার্নের জয় নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মরক্কোর সেনসেশন ইসমায়েল সাইবারি নিজের সুযোগ না নিয়ে বল বাড়িয়ে দেন আলেকসান্ডার পাভলোভিচের দিকে। পাভলোভিচ সুযোগটি কাজে লাগিয়ে স্কোরলাইন ৪-১ করেন।

ম্যাচের শেষ মুহূর্তেও থামেনি বায়ার্নের আক্রমণ। যোগ করা সময়ে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইবারি। তার দেওয়া বল থেকে লুইস দিয়াজ বায়ার্নের পঞ্চম গোলটি করেন। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

লামায় রাবার প্লটে একের পর এক দুষ্কৃতকারীদের হানা

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

আমরা মাথা উঁচু রাখব, আত্মসমর্পণ করব না : হিজবুল্লাহ মহাসচিব

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা

বাঁশখালীর শঙ্খ নদী হারিয়েছে জৌলুস

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে দুই যুবক নিহত