লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্তের পর এবার আর্জেন্টিনার জার্সি ছাড়ার ইঙ্গিত দিলেন লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ এই মিডফিল্ডার জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।
৩২ বছর বয়সী পারেদেসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পেছনে শুধু মেসির বিদায় নয়, রয়েছে তার নিজের নিষেধাজ্ঞাও। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। সঙ্গে করা হয়েছে ৯০ হাজার ডলার জরিমানা।
পারেদেস জানিয়েছেন, মেসির বিদায় তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার ভাষায়, ‘নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্ত সবকিছু মিলিয়েই বিষয়টি কঠিন। কোচের সঙ্গে কথা বলার পরই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।’
সাবেক অধিনায়ক ও দীর্ঘদিনের সতীর্থ মেসির প্রশংসা করে পারেদেস বলেন, আর্জেন্টিনার ফুটবলে তার রেখে যাওয়া উত্তরাধিকার চিরকাল থাকবে। বিশ্বকাপের শেষ দিকে মেসি ফাইনালটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন বলে জানান তিনি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য পারেদেসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে। এর মধ্যে ক্লাব ফুটবলে বোকা জুনিয়র্সের হয়ে মাঠে ফিরছেন তিনি। তবে মেসির পর পারেদেসও জাতীয় দল ছাড়লে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য সেটি হবে বড় ধাক্কা।