হোম > খেলা > টেনিস

অখ্যাত রুশ তরুণীর কাছে হেরে শেষ হলো সাবালেঙ্কার স্বপ্ন

স্পোর্টস ডেস্ক

ফ্রেঞ্চ ওপেনে অঘটনের তালিকায় এবার যোগ হলো আরও একটি বড় নাম। নারী এককের শীর্ষ বাছাই এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। প্রথম সেট জয়ের পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি তিনি। দুর্দান্ত প্রত্যাবর্তনে তাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন রাশিয়ার ২৫তম বাছাই ডায়ানা শ্নাইডার।

প্যারিসের ক্লে কোর্টে ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি সাবালেঙ্কার দখলে। গতবারের রানার্সআপ প্রথম সেট ৬-৩ গেমে জিতে এগিয়ে যান। দ্বিতীয় সেটেও ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছিলেন তিনি। তখন মনে হচ্ছিল সেমিফাইনালের টিকিট কেবল সময়ের অপেক্ষা। কিন্তু সেখান থেকেই বদলে যায় ম্যাচের গল্প।

চাপ সামলে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান শ্নাইডার। একের পর এক আক্রমণাত্মক শটে সাবালেঙ্কাকে চাপে ফেলেন তিনি। ম্যাচের শেষ ১৩টি গেমের মধ্যে ১২টিই নিজের করে নেন রুশ তরুণী। ফলে নিশ্চিত জয়ের পথে থাকা সাবালেঙ্কা হঠাৎই ছিটকে যান টুর্নামেন্ট থেকে।

দুই ঘণ্টারও কম সময়ের লড়াই শেষে ৩-৬, ৭-৫ ও ৬-০ সেটে জয় নিশ্চিত করেন শ্নাইডার। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেই তিনি গড়েছেন স্মরণীয় এক অধ্যায়।

ম্যাচ শেষে আবেগাপ্লুত শ্নাইডার বলেন, ‘আমি আসলে কী বলব বুঝতে পারছি না। বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে খেলছিলাম। তাই শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি পয়েন্টের জন্য লড়তে হয়েছে আমাকে।’

এই জয়ে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন শ্নাইডার। ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে তার প্রতিপক্ষ হবেন পোল্যান্ডের কোয়ালিফায়ার মায়া চোয়ালিনস্কা।

এদিকে টুর্নামেন্টের অন্যতম শিরোপা প্রত্যাশী সাবালেঙ্কার বিদায়ে নারী এককের লড়াই আরও অনিশ্চিত ও জমজমাট হয়ে উঠেছে।

১৯ বছরের বিস্ময়বালক থামালেন জোকোভিচের স্বপ্নযাত্রা

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

প্রধানমন্ত্রীকে নিয়ে ৯০ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনা মোহামেডানের

ট্রাম্পকে হারালেন ইরানি তারকা ভাফায়েই

আলকারাজকে হারিয়ে সিংহাসন পুনরুদ্ধার সিনারের

ইতিহাস গড়লেন চ্যাম্পিয়ন আলকারাজ

মেলবোর্নের নতুন রাণী রাইবাকিনা

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

ফাইনালে সাবালেঙ্কা-রাইবাকিনা মুখোমুখি

শেষ চারে সাবালেঙ্কা-আলকারাজ