হোম > বিশ্ব

ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে হলিউডে কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন

দ্য গার্ডিয়ান

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়া এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে সমালোচনার কারণে এখন সিনেমার কাজ হারাচ্ছেন বলে দাবি করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন। তার অভিযোগ, হলিউডের কিছু প্রভাবশালী এজেন্সি এখনো প্রযোজকদের তাকে নিয়োগ না দেওয়ার পরামর্শ দিচ্ছে।

রোববার ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭৯ বছর বয়সি সারান্ডন এ কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক সময়েও তার কাছ থেকে সিনেমার কাজ সরিয়ে নেওয়া হয়েছে। তার ভাষায়, কিছু এজেন্সি এখনো মানুষকে তাকে নিয়োগ না করার কথা বলছে।

সারান্ডনের মতে, ফিলিস্তিন ও গাজা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইসরাইলকে দেওয়া অর্থ ও সামরিক সহায়তার বিষয়টি এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ বুঝতে পারছেন বলে তিনি মনে করেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি নিজেকে অনেক বেশি স্বাগত ও গ্রহণযোগ্য মনে করছেন বলেও জানান।

তবে হলিউডের বড় স্টুডিওগুলোর ক্ষেত্রে পরিস্থিতি এখনো ভিন্ন বলে দাবি করেন সারান্ডন। তার ভাষ্য অনুযায়ী, শুধু তিনি নন, ইসরাইলের সমালোচনাকারী আরও কিছু শিল্পীও বড় স্টুডিওর কাজ পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছেন। তিনি বলেন, নতুন সিনেমার পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরো শিল্পী হিসেবে তাকে নেওয়ার ক্ষেত্রে শিল্পাঙ্গনের কিছু সতর্কবার্তা উপেক্ষা করেছেন।

ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে সারান্ডন এর আগেও হলিউডে পেশাগত চাপের মুখে পড়েছেন। ২০২৩ সালের নভেম্বরে নিউইয়র্কে একটি ফিলিস্তিনপন্থী সমাবেশে দেওয়া বক্তব্যের পর ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি বা ইউটিএ তাকে ক্লায়েন্ট হিসেবে বাদ দেয়। ওই বক্তব্যের কিছু অংশ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে সারান্ডন তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, তার ব্যবহৃত শব্দ ছিল ভুল ও অনুপযুক্ত।

সারান্ডন দীর্ঘদিন ধরেই মার্কিন পররাষ্ট্রনীতি, যুদ্ধ এবং মানবাধিকার নিয়ে প্রকাশ্যে কথা বলে আসছেন। গাজা যুদ্ধ শুরুর পর তিনি ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। হলিউডে তার অবস্থান নিয়ে বিতর্কের পাশাপাশি আরও কয়েকজন শিল্পীও ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে নিজেদের রাজনৈতিক অবস্থানের কারণে পেশাগত চাপের অভিযোগ তুলেছেন।

বর্তমানে সারান্ডন ইউরোপীয় চলচ্চিত্রে কাজ করছেন। ভেনিস উৎসবে প্রদর্শিত ‘দ্য ইকো চেম্বার’ সিনেমায় তিনি একজন বয়স্ক সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। ইতালীয় পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরোর পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন অ্যালিসিয়া ভিকান্ডার ও লুকা মারিনেল্লি।

হলিউডে নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশ না হয়ে সারান্ডন বরং আন্তর্জাতিক অঙ্গনে পাওয়া সমর্থনের কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করে কাজ পাওয়ার চেয়ে তিনি নিজের রাজনৈতিক ও মানবিক বিশ্বাস ধরে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স ও দ্য ওয়ার্প

ইসরাইলি চিকিৎসকদের দেশ ছাড়ার হিড়িক

কাশ্মীর নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইউরোপের শিল্প সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নিচ্ছে চীন

খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেল

ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

দিল্লিতে ভবন ধসে ৬ জনের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা