হোম > বিশ্ব

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

আমার দেশ অনলাইন

ছবি: ডন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ছয় মাসের যুদ্ধ ইরানকে দুর্বল করার বদলে মার্কিন চাপ মোকাবিলা করে দীর্ঘদিন সংঘাত চালিয়ে যাওয়ার বিষয়ে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে।

শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা নিয়ে তেহরান এখন বেশি আত্মবিশ্বাসী এবং কয়েক মাস ধরে সংঘাত চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের কট্টরপন্থি সরকার সংঘাত আরো বড় আকারে বাড়ানোর কথা বিবেচনা করতে পারে। ফলে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে।

মধ্যবর্তী নির্বাচন সামনে

মার্কিন কর্মকর্তাদের একটি অংশের ধারণা, ইরান আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত দীর্ঘায়িত করতে চাইতে পারে। তেহরানের হিসাব অনুযায়ী দীর্ঘ যুদ্ধ ও জ্বালানির উচ্চমূল্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের রাজনৈতিকভাবে চাপে ফেলবে।

ট্রাম্প বর্তমানে আলোচনার পরিবর্তে অর্থনৈতিক চাপের ওপর জোর দিচ্ছেন। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা আরো কঠোর হলে ইরান পাল্টা উত্তেজনা বাড়াতে পারে।

ক্ষয়ক্ষতি সত্ত্বেও সামরিক সক্ষমতা

যুদ্ধে ইরান ব্যাপক ক্ষতির মুখে পড়লেও দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং হরমুজ প্রণালি ব্যবহারের কৌশল তেহরানের আত্মবিশ্বাস বাড়িয়েছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।

মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির সদস্যদের মতে, ইরান মনে করছে তাদের হাতে এখন যথেষ্ট চাপ প্রয়োগের ক্ষমতা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ওয়াশিংটনের বড় ধরনের নতুন হামলা চালানোর সক্ষমতা সীমিত হতে পারে।

সাইবার হামলার নতুন আশঙ্কা

সংঘাতের পাশাপাশি সাইবার ফ্রন্টও সক্রিয় হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান-সমর্থিত হ্যাকাররা জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ১০০টির বেশি পানি সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়েছিল। এসব হামলায় পানির নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে না পড়লেও কিছু ক্ষেত্রে কার্যক্রম ব্যাহত হয়।

ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস অবকাঠামোর প্রতিও আগ্রহ দেখিয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, সীমিত মাত্রার হামলাও মার্কিন জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়াতে পারে।

মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা

ইরান সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারণার মাধ্যমে মার্কিন রাজনীতিতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেটা প্লাটফর্মস সম্প্রতি ইরানভিত্তিক কিছু অ্যাকাউন্টের একটি ছোট নেটওয়ার্ক শনাক্ত করেছে, যেগুলো মার্কিন রাজনীতি ও নির্বাচন নিয়ে প্রচার চালাচ্ছিল।

সূত্র: ডন

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার