জুলাইয়ের ব্যাপক অভিবাসী আগমনের পর স্পেনের সেউতায় রাস্তায় অবস্থান করা শত শত অভিবাসীকে আশ্রয় দিতে নতুন একটি অস্থায়ী স্থানকে প্রস্তুত করছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে।
সেউতার লস রোসালেস এলাকায় নুয়েস্ত্রা সেনোরা দে আফ্রিকা নার্সারি স্কুলের পাশে একটি খোলা জায়গায় দুটি বড় তাঁবু স্থাপনের কাজ চলছে। স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে জাতীয় পুলিশের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
শুক্রবার থেকে এই স্থানে কাজ শুরু হয়। তবে স্কুলের এত কাছে অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ও শিশুদের অভিভাবকেরা।
নার্সারি স্কুলটি আগামী ২৮ সেপ্টেম্বর চালু হওয়ার কথা রয়েছে। সেখানে তিন বছর বয়স পর্যন্ত প্রায় ১৭৬ শিশুর জন্য জায়গা থাকবে।
আশ্রয়ের সংকটের কারণে বর্তমানে সেউতার রাস্তায় কিংবা পাহাড়ি এলাকায় রাত কাটানো অভিবাসীদের জন্য এরই মধ্যে লোমা কোলমেনার, লা ইপিকা ও তারাহাল শিল্পাঞ্চলেও কয়েকটি অস্থায়ী স্থান প্রস্তুত করা হয়েছে।
আঞ্চলিক নীতিমন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস বুধবার বলেন, এ ধরনের স্থাপনা তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে কর্তৃপক্ষ অভিবাসীদের পরিচয় শনাক্ত করতে পারবে এবং পরবর্তী সময়ে তাদের অধিকাংশকে মরক্কোতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা সম্ভব হবে।
তবে স্পেনের শ্রমিক সংগঠন সিসিওও এমন একটি বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছে, যেখানে অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় পরিবারগুলোর উদ্বেগ ও সরকারি সেবার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
অন্যদিকে সিএসআইএফ ইউনিয়ন নার্সারি স্কুল চালুর আগে ওই স্থানের ঝুঁকি মূল্যায়ন এবং নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছে।
স্পেন সরকারের সরকারি হিসাব অনুযায়ী, ৩০ ও ৩১ জুলাই প্রায় ৭২ হাজার মানুষ অবৈধভাবে মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছিলেন। নজিরবিহীন এই ঢলের ফলে অল্প সময়ের জন্য সেউতার মোট জনসংখ্যার প্রায় সমানসংখ্যক অভিবাসী সেখানে এসে পড়েন।
সরকারের হিসাব অনুযায়ী, গণহারে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে এখনও প্রায় ৫ হাজার জন সেউতায় অবস্থান করছেন। মাত্র প্রায় ৮০ হাজার জনসংখ্যার এই ছোট স্প্যানিশ ভূখণ্ডে বিপুলসংখ্যক অভিবাসীর অবস্থান স্থানীয় প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএমআর