ভারতের বিহারে মন্দিরের ভেতরে পদদলিত হয়ে নিহত হয়েছেন অন্তত সাত জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন । সোমবারে বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তারা। সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মন্দির চত্বরে বিদ্যুতের তার পড়ে রয়েছে বলে খবর ছড়িয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ি শুরু করে দেন পুণ্যার্থীরা। অত্যধিক ভিড়ের মধ্যেই একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। শুরু হয় ধাক্কাধাক্কি। একপর্যায়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাত জনের।
আহতদের লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআই-কে জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পর পর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছে স্টেশনে পৌঁছায়। তাই মন্দির চত্বরে ভিড় আরো বেড়ে যায়।
জেলাশাসক আরো জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু হুড়োহুড়িতে একদিকের ব্যারিকেড ভেঙে যায়। একে অপরের গায়ে পড়ে যান পুণ্যার্থীরা। বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করা গেলেও ভিড়ের চাপে সবাইকে বের করে আনা সম্ভব হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে/আনন্দবাজার অনলাইন
আরএ