আগামী তিন বছরে মহাকাশ ও বিমান খাতে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে তুরস্ক। দেশটির ২০২৭ সালের সরকারি বাজেটের খসড়া ও যৌক্তিকতাসংক্রান্ত নথিপত্রে এ তথ্য উঠে এসেছে।
বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে মহাকাশ ও বিমান চলাচল কর্মসূচিতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করেছে আংকারা। চলতি বছর এ খাতে বরাদ্দ ছিল ১৭ কোটি ৬০ লাখ ডলার। ২০২৭ সালে তা ১৮১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৯ কোটি ৫৭ লাখ ডলারে দাঁড়াবে। ২০২৮ সালে এ বরাদ্দ বেড়ে ৬১ কোটি ৬৯ লাখ ডলার এবং ২০২৯ সালে ৭৪ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিমান পরিবহন অবকাঠামোর নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ৩৭ কোটি ৭৩ লাখ ডলার বরাদ্দ রাখা হবে। অভ্যন্তরীণ বিমান ভ্রমণের চাহিদা বাড়তে থাকায় ২০২৮ সালে বিমান অবকাঠামো খাতে বিনিয়োগ ৫৮ কোটি ১১ লাখ ডলার এবং ২০২৯ সালে ৫৯ কোটি ৬২ লাখ ডলারে পৌঁছাতে পারে।
আগামী বছর সরাসরি ট্রানজিট যাত্রীসহ দেশটির বিমানবন্দরগুলোতে ২৭ কোটি ২০ লাখ যাত্রীর সমাগমের লক্ষ্য নির্ধারণ করেছে তুরস্ক। ২০২৮ সালে এই সংখ্যা ২৮ কোটি ২০ লাখ এবং ২০২৯ সালে ২৯ কোটি ১০ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
মহাকাশ খাতের বরাদ্দ থেকে তুরস্কের জাতীয় মহাকাশ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি গবেষণা, পরীক্ষামূলক অবকাঠামো উন্নয়ন এবং উচ্চ মূল্য সংযোজনকারী দেশীয় প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার সম্প্রসারণে অর্থ ব্যয় করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তুরস্ক।
সূত্র: আনাদোলু
আরএ