অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলি আগ্রাসনের ৪৬২তম দিন পার হয়েছে শুক্রবার। ১৫ মাসের চলমান আগ্রাসনে ছোট এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজার।
তবে নিহতের প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি জানিয়েছে ব্রিটেনভিত্তিক মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট। শুক্রবার জার্নালটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাভুক্ত সংখ্যার চেয়ে অন্তত ৪১ ভাগ বেশি লোক গাজায় নিহত হয়েছেন।
ল্যানসেট জানায়, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় নিহতের সংখ্যা ছিল ৩৭ হাজার ৮৭৭ জন। তবে মন্ত্রণালয়ের তথ্য, অনলাইন সার্ভে ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যুক্ত করে দেখা যাচ্ছে নিহতের সংখ্যা ৫৫ হাজার ২৯৮ থেকে ৭৮ হাজার ৫২৫ জনের মধ্যে হতে পারে।
ল্যানসেটের প্রতিবেদনে জানানো হয়, তারা ধারণা করছে নিহতের সম্ভাব্য সংখ্যা ৬৪ হাজার ২৬০ জন। এর অর্থ হয়, ফিলিস্তিনি মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার তুলনায় গাজায় প্রকৃত নিহতের সংখ্যা ৪১ ভাগ বেশি।
এটি গাজায় আগ্রাসনের আগের জনসংখ্যার শতকরা ২.৯ ভাগ। অর্থাৎ গাজায় ইসরাইলি আগ্রাসনে প্রতি ৩৫ জনে একজন নিহত হয়েছেন।
জার্নালটির প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ৫৯ ভাগই নারী, শিশু ও বয়স্ক। তবে এখানে শুধু হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে নিহতের সংখ্যা ধরা হয়েছে বলে জানায় দ্য ল্যানসেট। খাদ্য বা চিকিৎসাসেবার অভাবে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের এখানে যুক্ত করা হয়নি।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ১৫ মাসের আগ্রাসনে অন্তত ৪৬ হাজার ১৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ হাজার ৫৫৫ জন শিশু যাদের বয়স ১৮ বছরের নিচে।
এর মধ্যে এক বছরেরও কম বয়সি শিশু রয়েছে ৭৯৩। এর মধ্যে যুদ্ধের সময়েই জন্ম ও নিহত হয়েছে ২০৪ শিশু।
ওই প্রতিবেদনে বলা হয়, অন্তত এক হাজার ছয়শ পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। বাবা-মা উভয়কেই হারিয়েছে ৩৫ হাজার ৫০০ শিশু।
ইসরাইলি বাহিনীর হাতে এক হাজার ৬০ চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। এছাড়া বন্দি হয়েছেন আরও ৩৫০ কর্মী।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনে গাজায় অন্তত ৩৬৯ ত্রাণকর্মী নিহত হয়েছেন। বুধবার সংস্থাটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিহতদের মধ্যে ২৬৩ জনই ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িত।
গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী। শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহে পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযানে বেশকিছু ফিলিস্তিনি যোদ্ধাকে তারা হত্যা করেছে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনিকে।
অন্যদিকে ইসরাইলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়ি, গাড়ি, খামারে আগুন ধরিয়ে ধ্বংস করছে।