বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছেন। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে দুর্ভিক্ষের ঝুঁকি। এমন পরিস্থিতিতে বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি বাণিজ্যিক নৌপথে যুদ্ধ ও সংঘাতের কারণে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে খাদ্য ও মানবিক সহায়তার ব্যয় বাড়ছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ ৭৩ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ এ সতর্কবার্তা দেন।
লিন্ডবার্গ বলেন, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও কৃষ্ণসাগর—এই তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে একযোগে সংকট তৈরি হয়েছে। এর ফলে খাদ্য রপ্তানি এবং কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণের সরবরাহ মারাত্মকভাবে সংকুচিত হয়েছে।
তিনি বলেন, বিশ্বজুড়ে সংঘাত বৃদ্ধি এবং এল নিনোর মতো জলবায়ুগত বিপর্যয়ের সঙ্গে এই পরিস্থিতি যুক্ত হওয়ায় খাদ্য উৎপাদন ও দামের ওপর এর বাস্তব প্রভাব পড়ছে।
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ডব্লিউএফপির অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে। এতে ৭৩ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়বে।
লিন্ডবার্গ বলেন, বাড়তি ব্যয়ের কারণে ডব্লিউএফপির কার্যক্রমের জন্য বরাদ্দ অর্থ সরাসরি কমে যাচ্ছে। এর ফলে কমসংখ্যক পরিবারকে কম পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে।
তিন নৌপথে সংকট, ব্যাহত খাদ্য সরবরাহ
বিশ্বের মোট সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে অচলাবস্থা তৈরি হলে কৃষিকাজের গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।
অন্যদিকে, কৃষ্ণসাগর বিভিন্ন দেশের জন্য শস্য সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশগুলো এ অঞ্চলের শস্যের ওপর নির্ভরশীল। ইয়েমেন তার মোট খাদ্য চাহিদার ৯০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে।
এ ছাড়া বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য পরিবহনে বাধা তৈরি করছে। গুরুত্বপূর্ণ এই তিন নৌপথে সংকটের কারণে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর খরচ বেড়ে যাচ্ছে।
সুদানে খাদ্যসংকটের পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে একটি সাধারণ খাদ্যতালিকার ব্যয় গত ফেব্রুয়ারি থেকে ১৩০ শতাংশ বেড়েছে।
তিন বিষয়ে অঙ্গীকারের আহ্বান
বক্তব্যে জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি তিনটি বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ।
তিনি বলেন, বিশ্বে আর কোনো দুর্ভিক্ষ হতে দেওয়া যাবে না, খাদ্যকে কখনোই যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না এবং মানবিক সহায়তাকর্মীদের ওপর কোনো হামলা চালানো যাবে না।
লিন্ডবার্গ এসব বিষয়কে তিনটি ‘লাল রেখা’ হিসেবে উল্লেখ করেন। তিনি সদস্যদেশগুলোকে এই তিন বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এএম