আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের (এমএমডিসি) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। তিনি সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য যেকোনো হুমকি প্রতিহত করা হবে।
শুক্রবার জেদ্দায় জোটটির চতুর্থ পরিকল্পনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরব উপদ্বীপ ঘিরে থাকা আন্তর্জাতিক নৌপথÑগালফ অব এডেন, বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরসহ গুরুত্বপূর্ণ জলপথে আন্তর্জাতিক নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে জুলাই মাসে ১৪টি দেশের সমন্বয়ে এমএমডিসি গঠন করা হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দার বৈঠকটি জোটের প্রতিষ্ঠাকালীন পর্যায় থেকে কার্যকর কার্যক্রমে যাওয়ার চলমান প্রক্রিয়ার অংশ। ইতোমধ্যে জোটটি ‘প্রাথমিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা’ অর্জন করেছে।
বৈঠকে ৪১টি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।