ফের যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার, এআই স্থাপনা ও ক্যাবল ধ্বংসের হুমকি দিয়েছে ইরান। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। ৩০ মিনিটের ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি, হরমুজ প্রণালি ও পুনরায় যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি অবকাঠামোয় হামলার হুমকিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
রেজাই বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের অত্যন্ত মূল্যবাদ সম্পদ রয়েছে। এখন পর্যন্ত আমরা এসব স্থাপনাকে আমাদের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করিনি। তবে যুদ্ধ শুরু হলে এসব ক্যাবল, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা এবং আরো অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে যাবে।’
এসব অবকাঠামোকে ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে অভিহিত করেন রেজাই। তার দাবি, এসব সম্পদের মূল্য দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি।
যুক্তরাষ্ট্র আবারো হামলা চালালে ইরান নতুন সামরিক সক্ষমতা ব্যবহারে ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলেও জানান তিনি।
রেজাই বলেন, ‘আমরা এমন কোনো পদক্ষেপ নিইনি যাতে প্রথম সপ্তাহেই আমাদের সব সক্ষমতা প্রকাশ পেয়ে যায়। তা করলে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য আমাদের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট থাকত না।’
তিনি আরো বলেন, ‘যদি আবারও সংঘাত শুরু হয়, তাহলে আমরা অবশ্যই আরো বিস্তৃত ও ব্যাপক পরিকল্পনা নিয়ে শত্রুর মোকাবিলা করব।’
সূত্র: আল জাজিরা
আরএ