ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আংশিক ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে সোমবার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার জবাবে ‘কঠোর’ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
সোমবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার এলাকায় পাঁচতলা একটি ভবনে হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো।
সোমবার টেলিগ্রামে তকাচেঙ্কো লেখেন, ‘উদ্ধারকর্মীরা আরো এক নারীর লাশ উদ্ধার করেছেন।’ এর মধ্য দিয়ে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এর আগে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ টেলিগ্রামে জানায়, নিহতদের মধ্যে একজন কিশোর এবং চল্লিশোর্ধ্ব একজন নারী রয়েছেন।
তকাচেঙ্কো জানান, ধ্বংসস্তূপ থেকে ৭৯ বছর বয়সী এক নারী ও এক শিশুসহ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ এর আগে জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১১ জনের সন্ধান চলছে। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
ইউক্রেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেৎস এ হামলাকে ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার গণহত্যামূলক যুদ্ধের’ অংশ বলে অভিহিত করেছেন।
সূত্র: বাসস
আরএ