যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর মার্কিন ঘাঁটিতে হামলার জন্য স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত মার্চে অনুমতি ছাড়া ইরানের স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পেরে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক প্রচণ্ড ক্ষুব্ধ হন। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা পোর্ট শুয়াইবায় ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে ইরান সহায়তা পেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ছয় মার্কিন সেনাসদস্য নিহত হন।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে কোনো প্রতিবেদন জমা পড়ার তথ্য তাদের জানা নেই।
ইউক্রেন ও ইরানের যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতে স্টারলিংকের ব্যবহার, সেবাটির ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহারের অভিযোগ নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও নজরদারি।
ইরানে স্টারলিংক পরিচালনার অনুমোদন না থাকলেও এর আগে ইলন মাস্ক জানিয়েছিলেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।
অভ্যন্তরীণ অস্থিরতার বিভিন্ন সময়ে ইরান সরকার দেশটির সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময়ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই ঘটনার পর মার্কিন সরকার গোপনে ইরানে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাঠিয়েছিল বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।