হোম > বিশ্ব

সিরিয়ায় সেনাবাহিনী ও এসডিএফের সংঘর্ষে নিহত ২, আহত ১৩

আতিকুর রহমান নগরী

সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষ সোমবার (২২ ডিসেম্বর) শেইখান ও লায়রমুন গোলচত্বরে ঘটে বলে জানা গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গোলাগুলির মধ্যে বহু পরিবার ও স্থানীয় শ্রমিক এলাকা ছেড়ে পালিয়েছে। আলজাজিরার দামেস্ক প্রতিনিধি আয়মান ওঘান্না জানিয়েছেন, সংঘর্ষের সময় ভারি মেশিনগান ও মর্টার শেলের ব্যবহার করা হয়েছে এবং বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, এসডিএফের গুলিতে তাদের দুজন উদ্ধারকর্মী আহত হয়েছেন, পাশাপাশি দুই শিশুও আহত হয়েছেন।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসডিএফকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, সংঘর্ষে দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজন সেনা সদস্য। তারা দাবি করেছে, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় মোতায়েন যৌথ চেকপোস্টে হামলা চালিয়েছে এসডিএফ। তবে এসডিএফ সরকার সমর্থিত গোষ্ঠীগুলোকেই বেসামরিক এলাকায় হামলার দায়ী করেছে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সোমবার গভীর রাতে উভয় পক্ষ গোলাবর্ষণ বন্ধে সম্মত হয়। সানা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এসডিএফও তাদের বাহিনীকে পালটা জবাব বন্ধের নির্দেশ দিয়েছে।

এ সংঘর্ষ এমন এক সময়ে ঘটেছে, যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সফরে এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনা করছিলেন। গত মার্চে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, তবে বাস্তবায়ন প্রক্রিয়া এখনও অগ্রগতি পায়নি।

বিশ্লেষকদের মতে, ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। এই বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার প্রশ্ন বর্তমানে জাতীয় ঐক্যের জন্য সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে দেখে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

গোপনে রাশিয়া সফরে সিআইএ প্রধান

ইরান যুদ্ধ থেকে অর্থ উপার্জন করছেন ট্রাম্প

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

হরমুজ এড়িয়ে ওমান উপসাগরে জাহাজে জাহাজে তেল স্থানান্তরের হিড়িক

হঠাৎ ২০০ হোটেল বন্ধ, ফিরছেন বাংলাদেশিরা