যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চীনের অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করা হয়েছে।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো চীনের প্রচারযন্ত্র হিসেবে কাজ করে। এ কারণে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সীমিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
পিট হেগসেথের দাবি, মার্কিন কংগ্রেসের বিধিনিষেধের পরও কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো ভিন্ন পরিচয়ে কার্যক্রম চালিয়েছে। তিনি এসব প্রতিষ্ঠানকে ‘স্লিপার অর্গানাইজেশন’ বা সুপ্ত সংগঠন হিসেবে আখ্যা দেন।
ভিডিওতে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের ৩০টি বিশ্ববিদ্যালয়ে নতুন নামে ও ভিন্ন সনদে ৮০টি নতুন প্রচারকেন্দ্র গড়ে উঠেছিল। তবে এসব প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল একই—মেধাস্বত্ব চুরি করা এবং মার্কিন শিক্ষার্থীদের চিন্তাভাবনায় প্রভাব বিস্তার করা।
হেগসেথ আরো বলেন, চীন সরকারের সমর্থনে পরিচালিত সাংস্কৃতিক কর্মসূচিগুলো মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশ করেছে। কংগ্রেসের বিধিনিষেধের পরও সেগুলো নতুন পরিচয়ে আবার কার্যক্রম শুরু করেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গত দুই মাসে পেন্টাগন পদ্ধতিগতভাবে এসব প্রতিষ্ঠানের প্রতিটি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে দূতাবাস এ অনুরোধে সাড়া দেয়নি।
এএম