ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাজ্যের লিভারপুলে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী। লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিক্ষোভের আয়োজন করা হয়।
অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ছিল প্রথম সম্মেলন।
পশ্চিম তীরের বসতিগুলোর ওপর যুক্তরাজ্য সরকার সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা পুরো ইসরাইলের ক্ষেত্রেও সম্প্রসারিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতিগুলো সম্প্রসারণে সহায়তা জোগায় এমন বাণিজ্য, অর্থায়ন ও সেবাকে লক্ষ্য করে ব্রিটেন ইসরাইলের বিরুদ্ধে তাদের এযাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে স্টারমার সরকার যুক্তরাজ্যে তৈরি অস্ত্র রপ্তানির প্রায় ৩০টি লাইসেন্স স্থগিত করেছিল। আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন ঘটিয়ে গাজায় এসব অস্ত্র ব্যবহারের সুস্পষ্ট ঝুঁকি রয়েছে—এমন পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে একই সরকার পরবর্তী তিন মাসের জন্য ইসরাইলের কাছে ১৬ কোটি ৯০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহের অনুমোদনও দেয়।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ