হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে নিজেদের পক্ষে জনমত গঠনে ৪৫ মিলিয়ন ডলার ব্যয় ইসরাইলের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি উন্নত করা এবং জনমত প্রভাবিত করার লক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ের একটি ব্যাপক প্রচারণা চালাচ্ছে ইসরাইল। এমন দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

শনিবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে পত্রিকাটি জানায়, গত কয়েক মাসে ‘এমা’, ‘সারা’ ও ‘জন’-এর মতো সাধারণ নাম ব্যবহার করে লাখ লাখ এআই-নির্ভর বার্তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে পাঠানো হয়েছে। এসব বার্তায় প্রেরক হিসেবে ‘ফ্রেন্ডস ফর পিস’ নামে একটি সংগঠনের পরিচয় দেওয়া হলেও, এ নামে নিবন্ধিত কোনো অলাভজনক প্রতিষ্ঠান বা কোম্পানির অস্তিত্ব খুঁজে পায়নি সংবাদপত্রটি।

প্রতিবেদনে বলা হয়, বার্তাগুলোতে প্রাপকদের কাছে প্রশ্ন রাখা হয়েছে, যেমন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শান্তি আলোচনা বৈশ্বিক নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এসব বার্তার মাধ্যমে ইসরাইলপন্থি জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এই প্রচারণা ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তির অংশ, যার নেতৃত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল। এআইভিত্তিক বার্তা প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্পার্কফায়ার মে মাসের মাঝামাঝি পর্যন্ত ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার পেয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, পারস্কেলের দল ইসরাইলপন্থী বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন কনটেন্টও তৈরি করেছে, যাতে চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআই প্ল্যাটফর্মে ইসরাইল সম্পর্কে আরও ইতিবাচক উত্তর পাওয়া যায়।

এর আগে, গত বছর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানান, ২০২৬ সালের বাজেটে বিশ্বব্যাপী ইসরাইলের ভাবমূর্তি উন্নয়ন এবং ‘জনমত গঠন’-এর জন্য ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ রাখা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম পরিচালনার জন্য অন্তত ছয়টি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরাইলের পক্ষে কাজ করার জন্য প্রায় তিন ডজন ব্যক্তি বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধন করেছেন।

প্রচারণার অংশ হিসেবে রক্ষণশীল সম্প্রচারমাধ্যম সালেম মিডিয়ার মাধ্যমে ৫ লাখ ডলারের বেশি মূল্যের বিজ্ঞাপনও প্রচার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, নির্দিষ্ট কোনো অবস্থান প্রচারের জন্য তারা তাদের উপস্থাপকদের অর্থ প্রদান করেনি।

এদিকে, গত বুধবার প্রকাশিত পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স অভিযোগ করেন, ইসরাইল সরকারের কিছু সদস্য ইরান-সংক্রান্ত সংঘাত দীর্ঘায়িত রাখতে যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন।

তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে করা ওয়াল স্ট্রিট জার্নালের অনুরোধের কোনো জবাব দেয়নি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আরটি

এআরবি

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার, ইলন মাস্ক ছাড়াও শীর্ষে আছেন যারা

ভুচিসের পতনে সার্বিয়ার পররাষ্ট্রনীতিতে যেসব পরিবর্তন আসতে পারে

ইসরাইলের নির্বাচন: কারা লড়ছেন এবং কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ

ফিলিস্তিনের বাইরেও ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল জায়নবাদী নেতাদের

ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বয়কটের দাবি

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরাইল: জাতিসংঘ

ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর