আফগানিস্তানের কাবুল থেকে বিমানের চাকা রাখার বক্সে লুকিয়ে ভারতের নয়াদিল্লি চলে এসেছে এক কিশোর। রোববার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।
কর্তৃপক্ষকে জানিয়েছে, ১৩ বছর বয়সী ওই কিশোর কৌতূহলবশত এ কাজ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আফগান ওই কিশোর ভারত নয়, মূলত ইরান যেতে চেয়েছিল। সে জানত না যে বিমানটি দিল্লিতে যাবে, তেহরানে নয়।
ছেলেটি সবার চোখ এড়িয়ে কাবুল বিমানবন্দরে ঢুকে লুকিয়ে পড়ে। এরপর যাত্রীদেরসাথে মিশে গিয়ে বিমানের চাকা রাখার বক্সে ঢুকে (ল্যান্ডিং গিয়ার বক্স) যায়। তার সাথে লাল রঙের একটি স্পিকার ছিল। এছাড়া অন্যকিছু তার কাছে পাওয়া যায়নি।
বিমানের চাকা রাখার বক্সে লুকিয়ে প্রায় ৯০ মিনিটের উড়াল শেষে রোববার বেলা ১১টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ওই কিশোর। তবে বিস্ময়করভাবে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমানে করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা।
সূত্র: এনডিটিভি