ফিলিপাইনের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ১৬ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দক্ষিণ ফিলিপাইনের সাউথ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরে এই গোলাগুলির ঘটনা ঘটে। গত জুন মাস থেকে দেশটিতে স্কুলে গোলাগুলির এটি তৃতীয় ঘটনা।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন কর্মী জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী ছিল। আহত কয়েকজনের হাসপাতালে চিকিৎসা চলছে। হতাহতরা সবাই ১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী।
সাউথ কোটাবাতোর প্রাদেশিক গভর্নর রেইনালদো তামায়ো জানিয়েছেন, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করে।
তবে, ঘটনায় মোট কতজন হামলাকারী জড়িত ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
আরএ