আমেরিকা থেকে বিতাড়িত ৭২ অভিবাসীকে সামরিক বিমানে করে হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় সান পেড্রো সুলা শহরে বিতাড়িত এই অভিবাসীদের নিয়ে আমেরিকান বিমান বাহিনীর প্লেনটি অবতরণ করে।
রাজধানী টেগুসিগালপা থেকে ১০০ মাইল উত্তর-পশ্চিমের শহরটিতে বিতাড়িত এই অভিবাসীদের গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এনরিক রেইনা। পৌঁছানোর পর বিতাড়িত অভিবাসীদের গরম কফি ও খাবার দিয়ে আপ্যায়িত করা হয়। এনরিক রেইনা জানান, আমেরিকার সীমান্ত অবৈধভাবে পার হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
আমেরিকার থেকে ‘অবৈধ অভিবাসী’ বিতাড়নের অংশ হিসেবেই এ অভিবাসীদের হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে। গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই আমেরিকা থেকে অবৈধ অভিবাসী তাড়াতে বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এর জেরে আমেরিকার দক্ষিণ সীমান্তে পাহারার জন্য সামরিক বাহিনী মোতায়েন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমানে আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের হেফাজতে থাকা পাঁচ হাজারের বেশি অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। আমেরিকা থেকে অভিবাসীদের ধরে সামরিক বিমানে করে ফেরত পাঠানোর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলোতে ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়।