হোম > বিশ্ব

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

আমার দেশ অনলাইন

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার ইয়াল্টায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত এক প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিকৃতি সংবলিত শিল্পকর্ম দেখছেন দর্শনার্থীরা। ছবি: রয়টার্স

বিশ্বের তিন প্রভাবশালী নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হলেও বড় কোনো চুক্তি বা কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। তাদের ধারণা, আলোচনার বাস্তব অর্জনের চেয়ে এর প্রতীকী গুরুত্বই বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের এমন যৌথ বৈঠক নজিরবিহীন। তিন দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য রয়েছে। ফলে একই টেবিলে তাদের উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। তবে বৈঠকের আলোচ্যসূচি ও কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

তিন নেতার সম্ভাব্য আলোচনায় ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক ইস্যু আসতে পারে। তবে বড় কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম। অন্যদিকে বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা।

তিন নেতার তিন লক্ষ্য

বৈঠকে অংশ নেওয়া তিন নেতার প্রত্যেকেরই আলাদা কূটনৈতিক ও রাজনৈতিক লক্ষ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন রাশিয়া ও চীনকে নিয়ে নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আলোচনা শুরু করতে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নিজের কূটনৈতিক প্রভাব ও নেতৃত্বের সক্ষমতা তুলে ধরার সুযোগ হিসেবেও বৈঠকটিকে দেখছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের কৌশলগত অস্ত্রভান্ডারের ওপর ওই চুক্তির নির্ধারিত সীমা আর কার্যকর নেই। ট্রাম্প আগের দ্বিপক্ষীয় চুক্তির পরিবর্তে চীনকে অন্তর্ভুক্ত করে আরো বিস্তৃত ও আধুনিক চুক্তি করার কথা বলেছেন।

তবে এ উদ্যোগে চীনের আগ্রহ কম। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার অনেক ছোট। পেন্টাগনের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের হাতে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিপরীতে চীনের অস্ত্রভান্ডারে রয়েছে ৬০০-এর বেশি ওয়ারহেড। এ অবস্থায় সমান শর্তে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বসতে চায় না বেইজিং।

চীনের অবস্থান হলো, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রভান্ডার অনেক বড় হওয়ায় তাদের সঙ্গে একই কাঠামোয় আলোচনায় অংশ নেওয়া ন্যায্য বা বাস্তবসম্মত নয়। এ কারণে ট্রাম্পের প্রস্তাবিত ত্রিপক্ষীয় পারমাণবিক চুক্তি নিয়ে বৈঠকে বড় অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে না। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেছেন, পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো চুক্তি ঘোষণা করা হবে—এমন প্রত্যাশা ওয়াশিংটনেরও নেই।

অন্যদিকে পুতিনের কাছে এই বৈঠকের গুরুত্ব আলাদা। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মস্কোর শর্ত অনুযায়ী কোনো সমঝোতার সুযোগ তৈরি করা তার অন্যতম লক্ষ্য হতে পারে। তবে ইউক্রেন ইস্যু আলোচ্যসূচিতে রাখতে বেইজিং আগ্রহী নয়। ওয়াশিংটনের এক কর্মকর্তাও বলেছেন, ট্রাম্প তিন নেতার বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলবেন না বলে ধারণা করা হচ্ছে।

নতুন ‘ইয়াল্টা সম্মেলন’ নিয়ে উদ্বেগ

তিন নেতার সম্ভাব্য বৈঠককে ঘিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, সোভিয়েত নেতা জোসেফ স্টালিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন। জার্মানি ও বার্লিনকে বিভিন্ন সামরিক দখল অঞ্চলে ভাগ করার পরিকল্পনাসহ যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার নানা সিদ্ধান্তে ওই সম্মেলনের প্রভাব ছিল।

এবারের বৈঠককে ঘিরেও ছোট দেশগুলোর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। তাদের উদ্বেগ, বিশ্বের বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে এমন কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, যেখানে সংশ্লিষ্ট দেশগুলোর মতামত গুরুত্ব পাবে না। বিশেষ করে ইউক্রেন ও তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে কোনো আলোচনা হলে তা সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণ ছাড়াই হতে পারে—এমন আশঙ্কা রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই সতর্ক করে বলেছেন, বৈঠকটি যেন নতুন কোনো ‘ইয়াল্টা’ সম্মেলনে পরিণত না হয়, যেখানে প্রভাববলয় পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর আশঙ্কা, কিয়েভকে পাশ কাটিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সমঝোতার চেষ্টা হতে পারে।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা নাকচ করেছেন। তার বক্তব্য, শেনজেনে সম্ভাব্য কোনো সমঝোতা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতেই আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত।

চীনের জন্য সুযোগ, আবার অস্বস্তিও

বৈঠকটি আয়োজনের মধ্য দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর মধ্যে বেইজিংয়ের প্রভাব ও মর্যাদা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। তবে আয়োজক হিসেবে তার সামনে কিছু কূটনৈতিক জটিলতাও রয়েছে।

রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে চীন রাশিয়ার জ্বালানি সম্পদ কেনা বাড়ায়। পাশাপাশি রাশিয়ার সামরিক শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও যন্ত্রাংশের সরবরাহকারী হিসেবেও বেইজিংয়ের ভূমিকা বেড়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের অবস্থান এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়টি শি জিনপিংয়ের জন্য সংবেদনশীল।

মস্কো ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহী হলেও বেইজিং বিষয়টি ত্রিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে রাখতে চায় না। একইভাবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবেও চীনের অনীহা রয়েছে।

এ ছাড়া এপেক সম্মেলনে চীন নিজেকে মুক্ত বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতার সমর্থক হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু বিশ্বের তিন বৃহৎ শক্তির নেতাদের আলাদা বৈঠক সম্মেলনের মূল বহুপক্ষীয় সহযোগিতার বার্তাকে আড়াল করতে পারে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির চীনা পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ হু তিয়াং বুনের মতে, এ ধরনের ত্রিপক্ষীয় আয়োজন বহুপক্ষীয় সহযোগিতার প্রতি চীনের ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বৈঠকের প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে?

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতারা এর আগে বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শি জিনপিং ও পুতিনের মধ্যে ২০১৩ সালের পর ৪০ বারের বেশি সাক্ষাৎ হয়েছে। ট্রাম্প ও পুতিনের মধ্যে সাতবার এবং ট্রাম্প ও শির মধ্যে আটবার মুখোমুখি বৈঠক হয়েছে বলে এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে তিন নেতার একসঙ্গে বৈঠক এবারই প্রথম। ফলে এর কূটনৈতিক তাৎপর্য রয়েছে। কিন্তু তাদের স্বার্থ ও অগ্রাধিকারের পার্থক্য বড় কোনো সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

বৈঠকে বড় ধরনের ফটোসেশন ও রাজনৈতিক বক্তব্য দেখা যেতে পারে। কিন্তু তিন নেতা একসঙ্গে বসলেই ইউক্রেন বা ইরানের যুদ্ধের অবসান ঘটবে—এমন প্রত্যাশার ভিত্তি নেই। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবনের মতে, বৈঠকটি ট্রাম্পের বিশ্বনেতার ভাবমূর্তি তুলে ধরার মঞ্চ হয়ে উঠতে পারে; তবে তা যুদ্ধের সমাধান নিশ্চিত করবে না।

সব মিলিয়ে শেনজেনের বৈঠকটি বিশ্বরাজনীতিতে শক্তিধর দেশগুলোর সম্পর্ক ও অবস্থান বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিক কোনো বড় চুক্তির সম্ভাবনা সীমিত। বৈঠকের প্রতীকী বার্তা, নেতাদের পারস্পরিক যোগাযোগ এবং পরবর্তী কূটনৈতিক উদ্যোগই শেষ পর্যন্ত এর প্রকৃত গুরুত্ব নির্ধারণ করবে।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আলজাজিরা ও ব্রুকিংস

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে