হোম > বিশ্ব

আন্তর্জাতিক আদালতের ক্ষমতা কমানো নিয়ে কসোভোয় সংঘর্ষ

আল-জাজিরা

ছবি: এএফপি

হেগভিত্তিক যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়ে কসোভোর রাজধানী প্রিস্টিনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

সোমবার পার্লামেন্টে প্রস্তাবিত সংশোধনীর দ্বিতীয় দফার ভোট না হওয়ায় অধিবেশন মুলতবি হয়। এরপর পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের কেউ কেউ ফ্লেয়ার ও আতশবাজি ছোড়েন। প্রিস্টিনার একটি হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক নাসের সিলা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক।

কসোভো স্পেশালিস্ট চেম্বার্স নামে আদালতটির ক্ষমতা কমাতে পার্লামেন্টে সংশোধনী আনা হয়েছে। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত কসোভো যুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করতে ২০১৫ সালে আদালতটি গঠন করা হয়। এটি কসোভোর বিচারব্যবস্থার অংশ হলেও আদালতের কার্যক্রম হেগে পরিচালিত হয় এবং এর বিচারক ও কর্মীরা আন্তর্জাতিকভাবে নিয়োগপ্রাপ্ত।

প্রস্তাবিত সংশোধনীতে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান, কসোভোতে সাজা ভোগের সুযোগ এবং কসোভোর সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রাখার কথা বলা হয়েছে। সোমবার প্রস্তাবটি প্রথম দফায় পাস হয়। তবে দ্বিতীয় দফার ভোটের আগেই অধিবেশন শেষ হয়ে যায়।

পার্লামেন্টের বাইরে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে কসোভো লিবারেশন আর্মির (কেএলএ) সমর্থক ও সাবেক যোদ্ধারাও ছিলেন। ১৯৯৮-৯৯ সালের যুদ্ধে সার্বিয়ার সেনাদের বিরুদ্ধে লড়েছিল জাতিগত আলবেনীয় বিদ্রোহী সংগঠন কেএলএ। অধিবেশন শেষে কয়েকজন বিক্ষোভকারী আইনপ্রণেতাদের বের হতে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভের পেছনে রয়েছে আদালতটির সাম্প্রতিক কয়েকটি রায়। গত ১৬ সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচি ও কেএলএর আরও তিন সাবেক কমান্ডারকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করা হয়। থাচিকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য তিনজনের সাজা ১৩ থেকে ২৫ বছর। তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন। এসব রায়ের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে কসোভোয় বিক্ষোভ চলছে। সেপ্টেম্বরের শেষ দিকে পার্লামেন্টও সর্বসম্মতভাবে রায়গুলোর নিন্দা জানায়।

আদালত সংস্কারের বিষয়টি এখন কসোভোর প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের সঙ্গেও জড়িয়ে গেছে। সাংবিধানিক আদালত জানিয়েছে, ৬ অক্টোবরের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তা না হলে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে এবং দেশটিতে আবার আগাম নির্বাচন হতে পারে।

পার্লামেন্টের সবচেয়ে বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব কসোভো (পিডিকে) সংশোধনী বিলটির উদ্যোক্তা। দলটি জানিয়েছে, বিলটি পাস হলেই তারা প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেবে। অন্যদিকে প্রধানমন্ত্রী আলবিন কুর্তির ভেতেভেনদোসিয়ে বা সেল্ফ-ডিটারমিনেশন মুভমেন্ট চায়, আগে প্রেসিডেন্ট নির্বাচন হোক।

কুর্তি বিলটি আলোচনার জন্য এগিয়ে নেওয়ার পক্ষে ছিলেন। তবে সোমবার পার্লামেন্টে তিনি বলেন, সংশোধনীগুলো তাড়াহুড়ো করে আনা হয়েছে। সেপ্টেম্বরের বিতর্কিত রায়ের বিরুদ্ধে আপিলের পথ ব্যবহার করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।

পশ্চিমা মিত্রদের চাপের মুখে কেএলএর সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিচার করতে কসোভো স্পেশালিস্ট চেম্বার্স গঠন করা হয়েছিল। রাজনৈতিক চাপ ও সাক্ষীদের ওপর হুমকির আশঙ্কায় আদালতটি কসোভোর বাইরে স্থাপন করা হয়।

কসোভোয় আদালতটি এখনো ব্যাপকভাবে বিতর্কিত। দেশটির অনেক মানুষ কেএলএকে সার্বিয়ার দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করা এবং কসোভোর স্বাধীনতার পথ তৈরি করা বাহিনী হিসেবে দেখে।

১৯৯৮-৯৯ সালের যুদ্ধে প্রায় ১৩ হাজার মানুষ নিহত হন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই জাতিগত আলবেনীয়। এ সময় প্রায় ১০ লাখ কসোভো আলবেনীয়কে ঘরবাড়ি ছাড়তে হয়েছিল। সার্বিয়ার বাহিনীর বিরুদ্ধে ৭৮ দিনের ন্যাটো বোমা হামলার পর যুদ্ধের অবসান ঘটে। ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতার ঘোষণা দেয় কসোভো। তবে বেলগ্রেড এখনো কসোভোর স্বাধীনতা স্বীকার করে না।

এএম

যেভাবে হয়েছিল ইমরান খান ও নওয়াজ শরীফের বন্ধুত্ব

‘বাংলাদেশি’ সাজিয়ে পুশব্যাকের চেষ্টা, কাশ্মীর থেকে বিশেষ বিমানে বাগডোগরায় ১৫০ জন

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আমেরিকা মহাদেশে ইরানের কর্মকাণ্ডের নিন্দা যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের

মহাকাশে নতুন অস্ত্র প্রতিযোগিতায় ভয়াবহ পরিণতির শঙ্কা

মরক্কোয় সাংবাদিকদের ওপর নজরদারির অভিযোগ

জলবায়ু পরিবর্তনে ক্ষতির জন্য তেল ও জ্বালানি কোম্পানিগুলো কতটুকু দায়ী

লোহিত সাগরে বন্দর চায় ইথিওপিয়া, আপত্তি প্রতিবেশীদের

বৈশ্বিক অর্থনীতির গতিপথ নির্ধারণে বড় শক্তি হরমুজ প্রণালি

গণতান্ত্রিক দেশগুলোও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ