জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের উপায় ব্যবহারের অধিকার রয়েছে রাশিয়ার। এমনকি কিছু ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাধ্যবাধকতাও তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
সোমবার প্রকাশিত এক নিবন্ধে মেদভেদেভ অভিযোগ করেন, ইউক্রেন ও ন্যাটোভুক্ত দেশগুলো এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে রাশিয়া পারমাণবিক হামলার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বিবেচনা করতে পারে।
তবে ইউক্রেন যুদ্ধের এখন পর্যন্ত পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ‘সরাসরি প্রয়োজনীয়তা’ তৈরি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
মেদভেদেভ বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সব ধরনের পরিস্থিতি ও উপাদান বিশদভাবে বিশ্লেষণ’ করেন। পাশাপাশি সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রার সঙ্গে পাল্টা পদক্ষেপের সামঞ্জস্যও বিবেচনায় নেওয়া হয়।
তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে, এখন পর্যন্ত ইউক্রেন সংকটের গতিপ্রকৃতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজনীয়তা তৈরি করেনি।’
নিবন্ধে ১৯৯৬ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া পারমাণবিক অস্ত্রের বৈধতাসংক্রান্ত পরামর্শমূলক মতামতের উল্লেখ করেন মেদভেদেভ। তার দাবি, ওই মতামতে এমন পরিস্থিতির সুযোগ রাখা হয়েছে, যেখানে কোনো পারমাণবিক রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। সে ক্ষেত্রে আত্মরক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক আইনে সরাসরি নিষেধাজ্ঞা নেই।
এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না কিংবা কোনো আন্তর্জাতিক আইনি ব্যবস্থার লঙ্ঘনও হবে না বলে দাবি করেন তিনি।
মেদভেদেভ আরো বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিতে আগাম হামলার বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে প্রকাশ্যে বা গোপনে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে মস্কো আগাম পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।
মেদভেদেভ বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিমালায় নির্ধারিত শর্ত পূরণ হলে রাষ্ট্রপ্রধানের সামনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি কেবল অধিকার হিসেবে নয়, বরং বাধ্যবাধকতা হিসেবেও দেখা দিতে পারে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কিয়েভ ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো বিপজ্জনক ভুল ধারণা পোষণ করা উচিত নয়।’
এদিকে জার্মানি ও ন্যাটোর পারমাণবিক প্রতিরোধব্যবস্থায় যুক্ত হওয়ার প্রচেষ্টারও সমালোচনা করেন মেদভেদেভ। তার মতে, ন্যাটোর পারমাণবিক অস্ত্র ভাগাভাগির ব্যবস্থা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সর্বজনস্বীকৃত ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের পদক্ষেপ চুক্তিটির কার্যকারিতা দুর্বল করছে বলেও দাবি করেন তিনি।
মেদভেদেভ আরো অভিযোগ করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, যদিও তেহরান এ চুক্তির প্রতি অঙ্গীকার বজায় রেখেছে বলে তার দাবি।
তার মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈতনীতি ও ভূরাজনৈতিক স্বার্থের প্রতিফলন ঘটছে।
সূত্র: আনাদোলু
আরএ