হোম > বিশ্ব

মালয়েশিয়া থেকে ধারণা নিয়ে যুক্তরাজ্যে নতুন সুযোগ তৈরি করেন ফারাহ

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের রয়্যাল ডার্বি হাসপাতালের অপারেশন থিয়েটারে কনসালটেন্ট সার্জন গিল টিয়ারনির (ডানে) সাথে প্রথমবারের মতো সার্জিক্যাল স্টাফদের জন্য জীবাণুমুক্ত ডিসপোজেবল হিজাবের ধারণা দানকারী ডাক্তার ফারাহ রোসলান (বামে)। ছবি-সংগৃহীত

অপারেশন থিয়েটারে কাজ করার সময় মাথায় হিজাব থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্বেগে একবার বাইরে চলে যেতে হয়েছিল তাকে। ধর্মীয় বিশ্বাস বজায় রেখে চিকিৎসক হিসেবে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন মালয়েশিয়ায় জন্ম নেওয়া ফারাহ শাহিরা রোসলান। সেই অভিজ্ঞতাই তাকে ভাবতে শেখায়, হিজাব পরা এবং অপারেশন থিয়েটারে কাজ করার মধ্যে একটি কার্যকর সমাধান নিশ্চয়ই থাকতে পারে।

সেই ভাবনা থেকেই তৈরি করেন ডিসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য স্টেরাইল সার্জিক্যাল হেডস্কার্ফ। তার উদ্যোগে ২০১৯ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যের রয়্যাল ডার্বি হাসপাতালে চালু হয় অপারেশন থিয়েটারে ব্যবহারের উপযোগী বিশেষ এই হেডস্কার্ফ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যুক্তরাজ্যে তাদের ট্রাস্টই প্রথম এ ধরনের ব্যবস্থা চালু করে।

ফারাহ তখন ইউনিভার্সিটি হসপিটালস অব ডার্বি অ্যান্ড বার্টন এনএইচএস ট্রাস্টের অধীনে চিকিৎসাশিক্ষা নিচ্ছিলেন। অপারেশন থিয়েটারে কাজ করার সময় তিনি বুঝতে পারেন, সারাদিন পরে থাকা সাধারণ হিজাবের পরিচ্ছন্নতা নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের প্রশ্ন উঠতে পারে। এ কারণে তাকে অপারেশন থিয়েটার থেকে সরে যেতে হয়েছিল।

বিবিসি রেডিও ডার্বিকে দেওয়া সাক্ষাৎকারে ফারাহ বলেন, সারাদিন একই হেডস্কার্ফ পরে থাকার কারণে সেটি পরিষ্কার ও জীবাণুমুক্ত থাকার নিশ্চয়তা ছিল না। আবার ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি সেটি খুলতেও স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। শেষ পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে তাকে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যেতে হয়।

ঘটনাটি তার কাছে কেবল ব্যক্তিগত অসুবিধা ছিল না। তিনি বুঝতে পারেন, একই সমস্যার কারণে হিজাব পরা অনেক নারী চিকিৎসাকর্মী অপারেশন থিয়েটারে কাজ করার সুযোগ বা আগ্রহ হারাতে পারেন। তাই ধর্মীয় পোশাকের বিধান এবং চিকিৎসা পেশার সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম—দুটির মধ্যে সমন্বয় ঘটানোর পথ খুঁজতে শুরু করেন তিনি।

মালয়েশিয়া থেকে ধারণা, যুক্তরাজ্যে তৈরি

সমাধান খুঁজতে প্রথমেই নিজের জন্মভূমি মালয়েশিয়ার দিকে নজর দেন ফারাহ। দেশটিতে অপারেশন থিয়েটারে মুসলিম নারী চিকিৎসাকর্মীদের জন্য বিশেষ হেডকভার ব্যবহারের প্রচলন রয়েছে। তাঁর পরিচিতজনেরা সেখানে ব্যবহৃত ধোয়া যায় এমন ও একবার ব্যবহারযোগ্য হেডস্কার্ফের তথ্য, ছবি এবং সরবরাহকারীদের পরিচয় তাকে দেন।

মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে ধারণা নেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারীদের সঙ্গেও যোগাযোগ করেন তিনি। বিভিন্ন ধরনের কাপড় ও উপকরণ সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেন। নকশা ও উপকরণ নির্বাচনের ক্ষেত্রে তার লক্ষ্য ছিল এমন একটি হেডস্কার্ফ তৈরি করা, যা অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণের শর্ত পূরণ করবে এবং হিজাব পরার প্রয়োজনও বজায় রাখবে।

এ কাজে তাকে সহযোগিতা করেন রয়্যাল ডার্বি হাসপাতালের কনসালট্যান্ট কোলোরেক্টাল সার্জন গিল টিয়ার্নি। ফারাহর চিকিৎসাশিক্ষার সময় তিনিই ছিলেন তাঁর মেন্টর। সার্জারির প্রতি আগ্রহ তৈরি এবং উদ্যোগটি বাস্তবে রূপ দিতে টিয়ার্নির ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ফারাহ।

২০১৯ সালে হাসপাতালে চালু

ফারাহর পরিকল্পনা বাস্তব রূপ পায় ২০১৯ সালের ডিসেম্বরে। ইউনিভার্সিটি হসপিটালস অব ডার্বি অ্যান্ড বার্টন এনএইচএস ট্রাস্টের অধীন অপারেশন থিয়েটারগুলোতে চিকিৎসাকর্মীদের ব্যবহারের জন্য ডিসপোজেবল স্টেরাইল হেডস্কার্ফ সরবরাহ শুরু হয়।

২০১৯ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত এক ঘোষণায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যে তারাই প্রথম অপারেশন থিয়েটারের কর্মীদের জন্য এ ধরনের হেডস্কার্ফ চালু করেছে। তখন ফারাহ চিকিৎসক হিসেবে এফ২ পর্যায়ে কাজ করছিলেন। তিনি বলেন, নিজের পরিকল্পনাটি বাস্তবায়িত হতে দেখে তিনি আনন্দিত এবং এখন সব কর্মীর জন্যই হেডস্কার্ফগুলো ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

ফারাহর মেন্টর গিল টিয়ার্নি বলেন, অপারেশন থিয়েটারে হিজাব ব্যবহারের বিষয়টি যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন ধরে নীরব সমস্যা হিসেবে ছিল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে যথেষ্ট গুরুত্ব পায়নি। উদ্যোগটি বাস্তবায়নে খুব বেশি খরচও হয়নি বলে জানান তিনি। তার আশা ছিল, ছোট এই উদ্যোগের প্রভাব হবে অনেক বড়।

শুধু একটি হিজাব নয়, কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তির প্রশ্ন

ফারাহর উদ্যোগের গুরুত্ব কেবল একটি নতুন পোশাক তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। চিকিৎসা পেশায় ধর্মীয় পোশাক পরা নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে যে বাস্তব প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, সেটিও সামনে নিয়ে আসে এ ঘটনা।

নতুন হেডস্কার্ফ চালুর পর সেটি দেশজুড়ে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে এনএইচএস ইংল্যান্ড জানায়, এ ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট হাসপাতাল ট্রাস্টগুলোর ওপর নির্ভর করবে। অর্থাৎ রয়্যাল ডার্বি হাসপাতালের উদ্যোগকে যুক্তরাজ্যের সব হাসপাতালের জন্য বাধ্যতামূলক নিয়ম পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই।

২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের মুসলিম উইমেনস কাউন্সিল জানায়, ফারাহ তখন নর্থ্যাম্পটন জেনারেল হাসপাতালে কাজ করছিলেন। পাশাপাশি ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে চিকিৎসা পরিবেশে হিজাব ব্যবহারের নির্দেশিকা তৈরির কাজেও যুক্ত ছিলেন তিনি।

মালয়েশিয়ার ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনও তার উদ্যোগের প্রশংসা করে। ২০২১ সালের ৩ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অপারেশন থিয়েটার, আইসিইউ কিংবা পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পরিবেশ প্রয়োজন—এমন স্থানে মুসলিম চিকিৎসক, নার্স ও প্যারামেডিকদের দায়িত্ব পালনে এ ধরনের হেডস্কার্ফ সহায়ক হতে পারে।

হিজাবের কারণে অপারেশন থিয়েটার থেকে সরে যেতে হওয়া এক চিকিৎসাশিক্ষার্থীর অভিজ্ঞতা শেষ পর্যন্ত নতুন সমাধানের পথ তৈরি করেছে। ফারাহ রোসলানের উদ্যোগ দেখিয়েছে, কর্মক্ষেত্রের প্রয়োজনীয় নিরাপত্তাবিধি ও ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের মধ্যে সমন্বয় ঘটানোর সুযোগ খুঁজে বের করা সম্ভব। তার তৈরি হেডস্কার্ফ সেই সমন্বয়ের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, নিউ স্ট্রেইটস টাইমস, মুসলিম উইমেনস কাউন্সিল ও দ্য স্টার

বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয় ঘিরে নতুন বিরোধের শঙ্কা যুক্তরাষ্ট্রে

ইসরাইলের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

মার্কিন অবরোধের মধ্যেও ইরানে ৬ মাসের খাদ্য মজুত

আন্তর্জাতিক মঞ্চে নিজের কর্তৃত্ব ফেরাতে চান ট্রাম্প

রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত ক্রসিং বন্ধ করবে এস্তোনিয়া

প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের

জাতিসংঘের মহাসচিব নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক শক্তিগুলোর তীব্র বিরোধ

চীনকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন

কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হোসে মারিয়া নেভেস