ইসরাইলের কাছে সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, অক্সফামের নতুন একটি প্রতিবেদন এই উদ্বেগকে নিশ্চিত করেছে যে, গাজায় তিন বছর ধরে ইসরাইলের সামরিক অভিযানের ফলে উপত্যকাটি ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, পয়োনিষ্কাশন ব্যবস্থার অবকাঠামো ধ্বংস এবং ছয় কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ গাজাকে মারাত্মকভাবে বিষাক্ত ও দূষিত করে তুলেছে।
তিনি বর্তমান পরিবেশগত ও মানবিক পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে গাজাবাসীর পুনর্গঠন ও পুনর্বাসনে সহায়তার পরিবর্তে ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মার্কিন নীতির অবসান ঘটানোর আহ্বান জানান।
অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইও) যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য বিষাক্ত দূষণের উপস্থিতি রয়েছে। এতে বায়ু, মাটি, পানি ও খাদ্যদ্রব্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো ধ্বংস এবং ছয় কোটি ১০ লাখ টন বিপজ্জনক ধ্বংসস্তূপ জমে থাকার ফলে গাজায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি পরিবেশগত যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে এবং উপত্যকাটিতে মানুষের টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছে সংস্থাগুলো।
সূত্র: আলজাজিরা
আরএ