যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি বারে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে আটজন। পানির ধারে অবস্থিত বারটিতে নৌকা থেকে গুলি চালায় বন্দুকধারী। স্থানীয় সময় শনিবার রাতে হামলার এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
সাউথপোর্টের তথ্য কর্মকর্তা চিয়ান কেচাম জানান, নৌকাটি সাউথপোর্টে আমেরিকান ফিস কোম্পানির সামনে থামানো ছিল। সেখান থেকে বন্দুকধারী গুলি চালাতে শুরু করে।
হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
হামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেচাম জানান, সাউথপোর্টে রাত ৯ টা ৩০ মিনিটের ঠিক আগে হামলার ঘটনাটি ঘটে। একটি নৌকাটি বারের কাছে এসে থামে এবং এক ব্যক্তি গুলি চালায়। এরপর বন্দুকধারী ওক দ্বীপের দিকে এগিয়ে গিয়ে নিকটবর্তী ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়ের দিকে পালিয়ে যায়। পরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে ওক আইল্যান্ড পুলিশ।
কী কারণে হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
আরএ