গাজায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরাইল সীমান্তে বিমান হামলা চালায়। এর প্রতিবাদে ইসরাইল গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহদের ওপর অভিযান জোরদার করে এবং পরে লেবাননে সেনা পাঠায়। ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে বাস্তুচ্যুত হন লেবাননের লাখো বাসিন্দা।
বাস্তুচ্যুত জনগণের জন্য অতিরিক্ত ৩৭ কোটি ১৪ লাখ ডলার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বাড়তি অর্থ গত অক্টোবরে প্রাথমিক সহায়তা হিসেবে লেবাননকে যে ৪২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেওয়ার আহ্বান জানানো হয়েছিল তার সঙ্গে যুক্ত হবে। উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ায় কয়েক লাখ লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
জাতিসংঘ জানিয়েছে, আবেদনের পর প্রায় ২৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ হয়েছে।
হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি সেনাদের দুই মাসের রক্তক্ষয়ী যুদ্ধে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ আরও একাধিক নেতা নিহত হন। পরে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধ বিরতি চুক্তি হলে নভেম্বর থেকে তা কার্যকর হয়।
লেবাননে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বয়ক ইমরান রিজা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘যুদ্ধ বিরতিতে কিছুটা আশার আলো দেখা দিলেও এখনো ১ লাখ ২৫ হাজার লোক বাস্তুচ্যুত রয়েছে এবং আরও হাজার হাজার মানুষের ঘর-বাড়ি ধ্বংস হওয়ায় মানবেতন জীবনযাপন করছে তারা।’
তিনি আরও বলেছেন, ‘অতিরিক্ত অর্থায়ন নাগরিকদের জীবনযাত্রা স্বাভাবিক করতে ব্যয় করা হবে।’
জাতিসংঘের মতে, গত ২৭ নভেম্বর ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত ৮ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘরে ফিরে এসেছে।