ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশের প্রাকৃতিক সম্পদ দখলের জন্য একটি পুতুল সরকার বসানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায় রুশ সংবাদমাধ্যম তাস।
মাদুরো বলেন, ‘ভেনিজুয়েলায় শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য একটি সাম্রাজ্যবাদী পরিকল্পনা তৈরি করা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্র পুতুল সরকার প্রতিষ্ঠা করতে পারে। সেইসঙ্গে আমাদের তেল, গ্যাস ও সোনার ভান্ডার দখল করা যায়।’
তার মতে, এই উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে যুদ্ধজাহাজ ও নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করেছে এবং ভেনিজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করছে।
তিনি আরো বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব শুল্ক সংস্থা এবং ডিইএ ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মাদুরো জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ভেনিজুয়েলা স্বাধীন, মুক্ত এবং শান্তিপূর্ণ থাকবে।’
সেপ্টেম্বরের শুরুতে, মার্কিন প্রশাসন জানিয়েছে, ভেনেজুয়েলার ড্রাগ কার্টেলের কিছু সদস্য আন্তর্জাতিক জলসীমায় হত্যা করা হয়েছে। মাদুরো এটিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বলে উল্লেখ করেছেন এবং মার্কিন হুমকির বিরুদ্ধে আত্মরক্ষা ও শান্তি বজায় রাখার আশ্বাস দিয়েছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বারবার বলেছেন, তার দেশ গত ১০০ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখোমুখি হচ্ছে।
আরএ