এপস্টেইন ফাইলে অন্তর্ভুক্ত ২০২০ সালের একটি এফবিআই নথিতে অভিযোগ করা হয়েছে, যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
নথিটি মার্কিন সংস্থার গোপনীয় মানব উৎস বা সিএইচএস রিপোর্ট হিসেবে চিহ্নিত। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনি প্রক্রিয়ায় দেশীয় ও বিদেশী অনুপযুক্ত প্রভাব নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় সূত্রটি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিয়েছে।
নথি অনুযায়ী, সূত্রটি হার্ভার্ড ল’ অধ্যাপক অ্যালান ডারশোভিটজ ও জেফ্রি এপস্টাইনের মধ্যে একাধিক ফোন কল শুনেছেন এবং সেই সময় নোট নিয়েছিলেন। এসব ফোন কথোপকথনের বিবরণ পরে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানো হতো বলে দাবি করা হয়েছে।
১৬ অক্টোবর ২০২০ তারিখে এফবিআইকে দেওয়া তথ্যে সূত্রটি জানায়, এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন ‘অপরাধী’ হিসেবে বিবেচনা করতেন। সূত্রটি আরও দাবি করেন, এপস্টাইন সংক্রান্ত বহু আলোচনা শোনার পর তিনি নিশ্চিত হন যে এপস্টেইন একজন সহযোগী মোসাদ এজেন্ট ছিলেন।
সূত্রটির ভাষ্য অনুযায়ী, ডারশোভিটজ আরেকজন মার্কিন আইনজীবীকে বলেছিলেন, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও মিত্র গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরো দাবি করেন, ডারশোভিটজ নিজেও মোসাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন।
ডারশোভিটজ দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা হিসেবে পরিচিত। তিনি এপস্টেইন, হার্ভে ওয়েইনস্টাইন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক আলোচিত মামলার প্রতিরক্ষায় জড়িত ছিলেন।
নথিতে আরো বলা হয়েছে, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ডে ওয়ান ভেঞ্চার্স প্রযুক্তি চুরির উদ্দেশ্যে সিলিকন ভ্যালিতে কার্যক্রম চালাচ্ছিল বলে সূত্রটি বিশ্বাস করেন। প্রতিষ্ঠানটি গড়ে তোলেন এপস্টাইনের সাবেক প্রচারক মাশা বুচার। সূত্রটির দাবি, তিনি রাশিয়ান যুব আন্দোলনে ভ্লাদিমির পুতিনের প্রধান যোগাযোগ হিসেবে পরিচিত ছিলেন।
সূত্রটি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিবারের সঙ্গে ইসরাইলের দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন। বিশেষ করে জ্যারেডের বাবা চার্লস কুশনার এবং ইসরাইলের সঙ্গে কুশনার পরিবারের গভীর সম্পর্ক ও কথিত দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক অনুশীলনের ইতিহাসের কথা বলা হয়। তবে এসব অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা নথিতে নেই।
সম্প্রতি প্রকাশিত অন্যান্য নথি থেকে জানা যায়, এপস্টাইন ও এহুদ বারাকের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারাক ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
নথিপত্রে দেখা গেছে, এপস্টাইন বারাককে প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টিরে পরামর্শ দিয়েছিলেন। এছাড়া তিনি সাবেক ব্রিটিশ মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসনকে একটি জ্বালানি কোম্পানিতে চাকরি দেওয়ার অনুরোধ করেন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দেওয়া ‘বিশাল’ পরামর্শ ফি নিয়েও আলোচনা করেছিলেন।