নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনায় প্রায় ১০০ চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার দুর্যোগকবলিত তিব্বত সফর করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নেপালের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছে চীন। নেপালের প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তাও দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, ভূমিধস ও বন্যায় চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিয়েরং কাউন্টিতে নিখোঁজের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।
অন্যদিকে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে আরও ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। তবে নেপাল ও চীনের প্রকাশ করা নিখোঁজের এই সংখ্যা পরস্পরের সঙ্গে কতটা মিল রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় সেখানে ৫৫০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় প্রধানমন্ত্রী লি ছিয়াং গিয়েরং টাউনশিপে পৌঁছান। তিব্বত চীনে স্থানীয়ভাবে শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল নামে পরিচিত।
সিনহুয়ার তথ্য অনুযায়ী, উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন লি ছিয়াং। তারা উদ্ধার ও তল্লাশি অভিযান তদারক, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও ত্রাণকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, গিয়েরং বন্দরের কাছাকাছি কয়েকটি বসতির ৩০০ জনের বেশি গ্রামবাসীকে সীমান্ত পরিদর্শন ও উদ্ধারকারী বাহিনীর সহায়তায় গিয়েরং কাউন্টির বিভিন্ন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার চীন ও নেপালকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ স্থলবন্দরে ভূমিধস আঘাত হানার পর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ওই ঘটনায় এখনো ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বেইজিং সর্বোচ্চ পর্যায়ের লেভেল-১ জরুরি প্রতিক্রিয়া চালু করেছে।
সীমান্তের নেপাল অংশে ২৮৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সেখানে নিখোঁজ রয়েছেন ৮২৬ জন।
চীন ও নেপালের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সীমান্তের দুই পাশে মোট ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯০০ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু
এমএমআর