ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। বসরা স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ইরাকি বার্তা সংস্থা (আইএনএ) শনিবার জানায়, হারথা বিদ্যুৎকেন্দ্র এবং এর আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এনেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর।
তবে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা চার।
৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি এবং উদ্ধার তৎপরতা দেখতে ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষের ভিড়ও ফুটেজে দেখা গেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
সুত্র: আলজাজিরা
আরএ